শেখ মামুন-উর-রশিদ, রংপুর: রংপুরের কালেক্টরেট সুরভি উদ্যানের ভেতরে অবশেষে নির্মিত হচ্ছে শিশু পার্ক। জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে পার্কের নির্মাণ কাজ শুরু হয়েছে। এতে থাকছে স্বাধীনতার মুর্যালসহ আরো বেশ কিছু শিক্ষণীয় বিষয়।
আগামী দুই মাসের মধ্যে পার্কটি শিশুদের ব্যবহারের জন্য শতভাগ উপযোগী হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। শিশুদের নির্মল বিনোদনের প্রত্যাশায় পার্কটি নির্মিত হলে রংপুর নগরীসহ এর আশপাশ থেকে আসা শিশুদের চিত্ত বিনোদনের অভাব অনেকটাই পূরণ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন অভিভাবকরা।
জানা গেছে, সরকারি বিনোদন উদ্যান রংপুর চিড়িয়াখানায় একটি শিশু পার্ক থাকলেও তা ক্ষুদ্র পরিসরে হওয়ায় তা অনেকাংশে অপূরণীয় বিনোদন নিয়েই বাড়ি ফেরেন শিশুরা। শিশুদের বিনোদনের জন্য সেখানে যে সব সীমিত রাইটস রাখা হয়েছে তা ব্যবহারের জন্য অভিভাবকদের প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। এছাড়া বেসরকারি পর্যায়ে গড়ে তোলা বিনোদন উদ্যান ভিন্ন জগৎ, চিকলী পার্ক এবং আনন্দনগর বেশ খ্যাতি অর্জন করলেও শিশুদের বিনোদনের বিষয়টি সেখানে প্রায় উপেক্ষিত।
যতটুকু রয়েছে তাতে কর্তৃপক্ষের বাণিজ্যিকরণের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এমন পরিস্থিতিতে সব মহল থেকে একটি শিশু পার্ক নির্মাণের দাবি উঠে। কিন্তু দীর্ঘদিনেও শিশুদের বিনোদনের বিষয়টি পূরণ হয়নি। অবশেষে বর্তমান জেলা প্রশাসনের উদ্যোগে শিশুদের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে শিশু পার্ক। সংশ্লিষ্ট সূত্র মতে, রংপুর শহরে রাধাবল্লভ মৌজায় ৫ একর জমির উপর ১৯৯০ সালে সুরভি উদ্যানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক এএসএম মোবাইদুল ইসলাম। এরপর ১৯৯৮ সালে বৃক্ষরোপণ ও উদ্যানের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ শুরু করেন জেলা প্রশাসক মোয়াজ্জেম হোসেন।
বর্তমানে উদ্যানে আনুমানিক ৫ থেকে ৬শ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রজাতির ফুলের গাছসহ উদ্যানের উত্তর প্রান্তে একটি ১০০ ফুট দৈর্ঘ্য ও ৬৩ ফুট প্রস্থ পুকুর রয়েছে। সরেজমিনে সুরভি উদ্যানে গিয়ে দেখা যায়, পার্কের জন্য নির্মিত পুকুরটি আকর্ষণীয় করে গড়ে তোলার কাজ চলছে। বিভিন্ন রাইটস স্থাপনের জায়গা চিহ্নিত করার পাশাপাশি প্রাথমিক কাজ শেষ করা হয়েছে। চলছে পুকুরের দু’পাড়ে ঘাস লাগানো এবং আশেপাশের জঙ্গল পরিষ্কার করাসহ পার্কে প্রবেশের রাস্তায় ইট বিছিয়ে সৌন্দর্য বৃদ্ধির কাজ। এদিকে, শিশুদের কথা চিন্তা করে তাদের জন্য বিশেষভাবে পার্ক নির্মাণের কাজ শুরু করায় অভিভাবকসহ স্থানীয় সুধীজন কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বলেন, এটি নিঃসন্দেহে বর্তমান জেলা প্রশাসনের একটি ভালো উদ্যোগ।
শুধু বানিজ্যিকরণ নয়, র্নিমল বিনোদনের পাশাপাশি পার্কটিকে ঘিরে শিশুরা যেন মেধা বিকাশের সুযোগ পায় সেজন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, আশা করছি আগামী দুই মাসের মধ্যে শিশু পার্কের উদ্বোধন করা সম্ভব হবে। পার্কটিতে শিশুরা যেমন নির্মল আনন্দ পাবে তেমনি পার্কে থাকা স্বাধীনতার মুর্যালকে ঘিরে মহান স্বাধীনতা এবং স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে অনেক কিছু জানতে পারবে।
তিনি আরো বলেন, পুকরের চারদিকে থাকবে বিভিন্ন রংয়ের আলোক সজ্জা। সন্ধ্যার সময় পুকুরের পানিতে আলোর ছটা পড়বে। যা ছোট-বড় সকলের নজর কাড়বে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য প্রচলিত নাগরদোলা, মই এবং দোলনার পাশাপাশি থাকবে অত্যাধুনিক বিভিন্ন রাইটস। বানিজ্যিকরণ নয়, শিশুদের কথা বিবেচনা করেই পার্কটি নির্মাণ করা হচ্ছে বলেও তিনি জানান।