আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি অফিসের পরামর্শে প্রদর্শণী প্লট করে কৃষক আতিয়ারসহ ৬ কৃষক সর্বশান্ত হয়েছে। কৃষি অফিস থেকে ব্রি-ধান-৫৫ জাতের বীজ ৫ একর জমিতে বপন করে কাঙ্খিত ফসল না পেয়ে এসব কৃষকরা সর্বশান্ত হয়েছে বলে জানাগেছে।
অভিযোগে জানাগেছে, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বড় ঘিঘাটি গ্রামের কৃষক আতিয়ার রহমানসহ ৬ কৃষক ৫ একর জমিতে ব্রি-৫৫ জাতের আউশ ধান রোপন করেন। কিন্তু ওই জমির কোন অংশে ধান পেঁকে উঠেছে, কোন অংশে শিষ বের হচ্ছে, কোন অংশে মাঝ বেরুচ্ছে। আবার কোন অংশে ফুল দেখা দিয়েছে। একই জমিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ায় কৃষক আতিয়ার রহমানসহ অন্যান্য কৃষকরা জমি থেকে ধান কাটতে পারছেন না। এতে করে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
কৃষক আতিয়ার রহমান জানান, তিনি কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে ৮ বিঘা, ইসরাইল বিশ্বাস ১ বিঘা, সোলাইমান ১৭ কাটা, ইউসুফ আলী ১ বিঘা, হাসান আলী দেড় বিঘা, শহিদুল ১৫ কাটা জমিতে বীজ বপন করেন।
কিন্তু বীজ বজনের পর ওই প্রদর্শণী প্লটে ধান ভাল হয়নি। কোন স্থানে ধান পাকা, কোন স্থানে কাঁচা, কোন স্থানে মাঝ বেরুনো,আবার কোন স্থানে শিষ গজাচ্ছে। যার কারনে প্রদর্শণী ওই প্লট থেকে তারা ধান কাটতে পারছেন না এবং চলতি বছর তেমন কোন ধান পাবেন না।
তারা আরো জানায়, ওই জমি থেকে তাদের ২৭০ মণ ধান পাওয়ার কথা ছিল। কিন্তু একই জমিতে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়ায় তারা সম্ভাবত ১শ মণের বেশি ধান পাবেন না। এতে করে তাদের দেড় লাখ টাকার ক্ষতি হবে।
প্রদর্শণী প্লটের কোন স্থানে ধান পাকা, কোন স্থানে কাঁচা, কোন স্থানে মাঝ বেরুনো, কোন স্থানে ফুল আসা, আবার কোন স্থানে শিষ গজানো দেখে উপজেলা কৃষি অফিস ওই জমি থেকে প্রদর্শণী প্লটের সাইন বোর্ড খুলে নিয়ে গেছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম জানান, স্থানীয় এক কৃষকের কাছ থেকে বীজ সংগ্রহ করে ওই কৃষকদের দেয়া হয়েছিল। সে সময় বীজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়,সব কিছুই ঠিক ছিল। কেন এমন হলো বিষয়টি তিনি দেখবেন। তিনি আরো জানান, আগামী ১০/১৫ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।