দেশের চিকিৎসাব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে চিকিৎসকদের মধ্যে সেবার মানসিকতা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও তা যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রভাব না ফেলে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিকিৎসকদের উদ্দেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, চিকিৎসকদের প্রধান দায়িত্ব মানুষের সেবা করা। রোগীর চিকিৎসা ও সেবা দেওয়ার ক্ষেত্রে দায়িত্ববোধ, মানবিকতা এবং পেশাগত নিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততা যেন কোনোভাবেই চিকিৎসকের পেশাদারিত্বকে প্রভাবিত না করে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসকদের সেবার মানসিকতা ছাড়া দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন সম্ভব নয়। রোগীদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং আন্তরিকতার মাধ্যমে চিকিৎসকরা স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়াতে পারেন।
অনুষ্ঠানে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্বালানি খাতকে অস্থিতিশীল করার লক্ষ্যে একটি চক্র সক্রিয় রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলা এবং খাতটির স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
এর আগে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জাতীয় সংসদ প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন তিনি। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও একটি গাছের চারা রোপণ করেন।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল কর্মসূচি শুরু হয়। পরে প্রধানমন্ত্রী দলীয় পতাকা উত্তোলন করেন। চিকিৎসক সমাবেশ শুরুর আগে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী শান্তির প্রতীক হিসেবে দুটি পায়রা উড়িয়ে দেন।
অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।