× Banner
সর্বশেষ
বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার – অর্থমন্ত্রী নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ভ্যানচালক নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক

নারী-শিশু নির্যাতন মামলায় বিচার ত্বরান্বিত, এক মাসে ১০ মামলার রায় হাইকোর্টের

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
নারী-শিশু নির্যাতন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের হওয়া মৃত্যুদণ্ডাদেশ-সংক্রান্ত (ডেথ রেফারেন্স) ও আপিল মামলার বিচার দ্রুত নিষ্পত্তিতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এ লক্ষ্যে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ গত এক মাসে ১০টি মামলার রায় ঘোষণা করেছে।

দেশে নারী ও শিশু নির্যাতনের আলোচিত কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১০ জুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ডেথ রেফারেন্স ও আপিল মামলার দ্রুত শুনানির জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করেন। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে নিয়ে গঠিত এই বেঞ্চ বর্তমানে এসব মামলার শুনানি করছে।

রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনায় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে একটি বিশেষ আইনজীবী দল দায়িত্ব পালন করছে। দলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক ও সৈয়দ ইজাজ কবির ছাড়াও কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

বিশেষ বেঞ্চের কার্যতালিকায় মোট ২০টি ডেথ রেফারেন্স ও আপিল মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে গত ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত মাত্র এক মাসে ১০টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। নিষ্পত্তিকৃত মামলাগুলোর মধ্যে শরীয়তপুরের স্কুলছাত্রী রিমা ধর্ষণ ও হত্যা মামলা, পিরোজপুরের ঝর্ণা হত্যা মামলা এবং একাধিক স্ত্রী হত্যা মামলাও রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক জানান, রাষ্ট্রপক্ষ শুনানির পুরো সময়জুড়ে কোনো ধরনের সময়ের আবেদন বা মুলতবির আবেদন করেনি। একই সঙ্গে আদালতের ধারাবাহিক শুনানি ও সক্রিয় তদারকির কারণে স্বল্প সময়ের মধ্যে একাধিক মামলার নিষ্পত্তি সম্ভব হয়েছে।

এদিকে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানির সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ ছাড়া ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত নুসরাত হত্যা মামলা এবং মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলাও বর্তমানে একই বিশেষ বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। সংশ্লিষ্টদের আশা, আগামী দুই সপ্তাহের মধ্যে এসব মামলার শুনানি শুরু হতে পারে।

বাংলাদেশের আইন অনুযায়ী, বিচারিক আদালত কোনো আসামিকে মৃত্যুদণ্ড দিলে সেই রায় সরাসরি কার্যকর করা যায় না। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারা অনুসারে মৃত্যুদণ্ড কার্যকরের আগে হাইকোর্টের অনুমোদন বাধ্যতামূলক। এ জন্য বিচারিক আদালতের রায় ও মামলার নথিপত্র ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। পরে ডেথ রেফারেন্স এবং দণ্ডিত আসামির আপিল বা জেল আপিল একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত রায় প্রদান করেন।


এ ক্যটাগরির আরো খবর..