পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি বলেন, খালের পানি ব্যবহার করে কৃষি কাজে সেচসুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
আজ কক্সবাজারের পিএম খালীতে পাতালী-মাছুয়াখালী খাল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতালী-মাছুয়াখালী খাল প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল পুনঃখনন করবেন। খালটি পুনঃখনন করা হলে এর দু’পাশে বসবাসরত জনগণকে কৃষি কাজে সেচ ব্যবস্থার পাশাপাশি বন্যায় জলবদ্ধতার হাত থেকে রক্ষা করা যাবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় খালের দু’পাশে বৃক্ষরোপণ করা হবে। খাল খনন কর্মসূচিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।
এ্যানি চৌধুরী আরো বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে আধুনিক কৃষির বিপ্লব করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে নতুন বিপ্লব রচিত হবে। দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৫৪ জেলায় খাল খনন করা হচ্ছে । তিনি জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী, জলাশয় ও পুকুর খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এসময় কক্সবাজার সদরের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল-সহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।