খুলনার পাইকগাছায় পাট চাষের উৎপাদন বৃদ্ধি ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে দিনব্যাপী পাট চাষী প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্প”-এর আওতায় সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি কৃষকদের নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার। তিনি বলেন, সরকার পাট চাষকে আরও জনপ্রিয় ও লাভজনক করতে মাঠপর্যায়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। উন্নত জাতের পাট চাষ ও মানসম্মত পাটবীজ উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইকরামুল হোসেন, পাট অধিদপ্তরের পরিদর্শক মো. মুজিবর রহমান এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা অনিরুদ্ধ কুমার বৈদ্য। তারা পাট চাষের আধুনিক পদ্ধতি, জমি প্রস্তুতি, রোগবালাই দমন, পাটবীজ উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কৃষকদের বিস্তারিত ধারণা প্রদান করেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার পাট চাষীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও উপকারী উদ্যোগ হিসেবে অভিহিত করেন।