মাদারীপুরের ডাসারে কথিত এক পীরের আস্তানায় ওরস আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসী ও ভক্তদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উপজেলার মাইজপাড়া গ্রামে কথিত পীর শাহেবালী মাতুব্বর ওরফে শাহ্ সুফী শাহীন শাহের এই আস্তানায় ওরসসহ সকল কার্যক্রম বন্ধের দাবিতে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার(১৬ এপ্রিল) সরজমিনে গিয়ে জানা যায়, ডাসার উপজেলার মাইজপাড়া গ্রামের মৃত সানুউদ্দিন মাতুব্বরের ছেলে শাহেবালী মাতুব্বর একসময় কৃষিকাজ করতেন। পরবর্তীতে তিনি নিজেকে পীর হিসেবে দাবি করে নিজ বাড়িতে আস্তানা গড়ে তোলেন। স্থানীয়দের অভিযোগ, শাহেবালী মাতুব্বর জীবদ্দশায় কখনো নিয়মিত নামাজ আদায় করতেন না, বরং মাদক সেবনে লিপ্ত থাকতেন। তার মৃত্যুর পর ভক্তরা সেখানে মাজার তৈরি করে ওরস ও গান-বাজনার আয়োজন শুরু করে।
এলাকাবাসীর দাবি, ওরসকে কেন্দ্র করে এলাকায় মাদক কেনাবেচা ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পায়। কথিত পীরের ছেলে সোনামুদ্দি মাতুব্বর নিজেও মাদক কারবারের সাথে জড়িত এবং একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বলে জানান তারা। সামাজিক পরিবেশ রক্ষায় এই আস্তানার সকল কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন গ্রামবাসী।
অন্যদিকে, কথিত পীরের ভক্ত ও স্বজনদের দাবি ভিন্ন। তাদের মতে, শাহেবালী মাতুব্বর কুমিল্লার সুফি সাধক খন্দকার রমিজ উদ্দিনের খেলাফতপ্রাপ্ত পীর হোসেন শাহের কাছ থেকে দীর্ঘ ১২ বছর বায়াত গ্রহণ করেছিলেন। ভক্তদের দাবি অনুযায়ী, তিনি তার মৃত্যুর সময় আগে থেকেই বলে গিয়েছিলেন এবং ওরস ও গান-বাজনা চালিয়ে যাওয়ার অসিয়ত করে গেছেন।
এলাকাবাসীর বাধার মুখে গত কয়েক বছর অনুষ্ঠান করতে না পারলেও, আগামীকাল শুক্রবার সন্ধ্যা থেকে ওরস, গান-বাজনা ও তবারক বিতরণের প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত ও মুরিদরা। এ নিয়ে বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, “এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই আমাদের প্রধান লক্ষ্য। সংবাদ পেয়ে আমরা খোঁজখবর রাখছি। শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার মতো কোনো কাজ হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..