সংযুক্ত আরব আমিরাত সরকার প্রথাগতভাবে খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে ঈদের জামাত আয়োজন বন্ধের ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ জানিয়েছে, এবার থেকে ঈদের নামাজ মসজিদের ভেতরেই আদায় করতে হবে।
কর্তৃপক্ষ জানায়, নামাজের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে খোলা স্থানে বৃহৎ জামাতে নামাজ আদায়ের দীর্ঘদিনের প্রচলিত প্রথা সাময়িকভাবে স্থগিত করা হলো।
প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দেশজুড়ে বড় বড় ঈদগাহে মুসল্লিদের অংশগ্রহণে জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। তবে নতুন নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, উন্মুক্ত স্থানে কোনো জামাত আয়োজন করা যাবে না।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দেশের সব মসজিদই ঈদের নামাজ আদায়ের জন্য প্রস্তুত রয়েছে এবং মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে নামাজ আদায়ের আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।