খেলার মাঠে কোচের মৃত্যু। এমন বিষাদময় ঘটনায় জীবনপ্রদীপ নিভে গেছে ঢাকা ক্যাপিটালসের বোলিং কোচ মাহবুব আলী জ্যাকির। মাঠই ছিল তার ঠিকানা। মাঠেই তার মৃত্যু। বয়সভিত্তিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে বিসিবির চাকরি করেছেন। বাংলাদেশ নারী দলের কোচিংয়েও ছিলেন যুক্ত। জীবদ্দশায় দেখে গেছেন বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সাফল্য। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের গর্বিত সদস্য তিনি। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ট্রফি জয়ী বাংলাদেশ দলের বোলিং কোচের বিষাদময় এ ঘটনা বিপিএলেকে করেছে শোকাচ্ছন্ন।
সহকারী কোচর মৃত্যুশোককে শক্তিতে পরিণত করা জয়ে ঢাকা ক্যাপিটালস বিপিএলে দিয়েছে দারুণ এক বার্তা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ শুরু হতে যখন মাত্র মিনিট বিশেক বাকি। টসের পর ফিল্ডিং সাইড ঢাকা ক্যাপিটালস ক্রিকেটাররা যখন শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত, তখন কোচিং করাতে করাতে মাটিতে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিপিআর দিয়ে নেওয়া হয় হাসপাতালে। সিলেটে আল হারমাইন হাসপাতালে নেওয়ার পথে জীবনপ্রদীপ নিভে যায় ৫৯ বছর বয়সী এই কোচের। বাংলাদেশে ক্রিকেট খেলার মাঠে কোচের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। ২০০১-২ ক্রিকেট মৌসুমে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হেড কোচ বাংলাদেশের প্রথম জাতীয় ক্রিকেট দলের পেস বোলার দৌলত জামানও আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হার্ট অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন। দুটি শোকাবহ ঘটনার ম্যাচেই শোককে শক্তিতে পরিনত করে জিতেছে শিষ্যরা। দৌলত জামানের মৃত্যুশোকের দিনে আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের শিরোপার পথ মসৃন করেছে পাইলটের নেতৃত্বে ভিক্টোরিয়া। এবং সেবারের লিগের ট্রফি জিতে তা উৎসর্গ করেছেন কোচকে। সহকারী কোচ মাহাবুব আলী জ্যাকীর মৃত্যুশোকও শক্তিতে পরিণত করার সংকল্প এখন ঢাকা ক্যাপিটালসের।
এমন এক বিষাদময় ম্যাচে সিলেটে ঢাকা ক্যাপিটালস-রাজশাহী ওরিয়র্সের লড়াইটা হয়েছে দুই পাকিস্তানী বাঁ হাতি স্পিনারের মধ্যে। ঢাকা ক্যাপিটালসের ইমাদ ওয়াসিম, রাজশাহী ওরিয়র্সের মোহাম্মদ নেয়াজ-দু’জনেই পেয়েছেন তিনটি করে উইকেট। দু’জনেই করেছেন কিপ্টে বোলিং। ১১ ডট দিয়ে ৩ শিকারের বিপরীতে ইমাদ ওয়াসিমের খরচ মাত্র ১৬, সেখানে ১২ ডট দিয়ে ৩ উইকেটের বিপরীতে মোহাম্মদ নেওয়াজের খরচা ২১।
২৪ ঘন্টা আগে যে পিচে বোলাররা খেয়েছে পিটুনি, সিলেট টাইটান্সের ১৯০/৫ এর জবাব দিয়ে রাজশাহী ওরিয়র্স জিতেছে ৮ উইকেটে। সেই পিচে শনিবার রাজশাহী ওরিয়র্স ধুঁকেছে রানের জন্য। পাকিস্তানের বাঁ হাতি স্পিনার ইমাদ ওয়াসিম (৪-০-১৬-১) এবং বাঁ হাতি ফার্স্ট বোলার সালমান মীর্জার (৪-০-১৭-১) বোলিংয়ে রাজশাহী ওরিয়র্স থেমেছে ১৩২/৮-এ। অথচ, ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫২/২ স্কোরে বড় পুঁজিরই স্বপ্ন দেখেছে রাজশাহী।
বিপিএলের উদ্বোধনী দিনের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ম্যাচেও রাজশাহীর সর্বোচ্চ সংগ্রাহক (২৮ বলে ২ চার, ২ ছক্কায় ৩৭)। প্রথম ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম করেছেন ২৩ বলে ২ বাউন্ডারিতে ২৪।
সহকারী কোচের মৃত্যুসংবাদে যেখানে ভেঙ্গে পড়ার কথা ঢাকা ক্যাপিটালসের, সেখানে শোককে শক্তিতে পরিণত করেছে ঢাকা ক্যাপিটালস ক্রিকেটাররা। রাজশাহী ওরিয়র্সকে ১৩২/৮-এ আটকে ফেলে হিসেবি ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে রাজধানীর প্রতিনিধিত্বকারী দলটি। ব্যাটিং পাওয়ার প্লে-তে ৪৩/২ স্কোরেও ব্যাকফুটে নামেনি ঢাকা ক্যাপিটালস। মোহাম্মদ নেওয়াজের বোলিং সামাল দিয়ে অন্য বোলারদের উপর চড়াও হয়েছে তাঁরা। জাতীয় দলের বাইরে ৩ বছর কাটানো কতোটা যন্ত্রনার, তা ভালই অনুভব করছেন সাব্বির রহমান রুম্মান। এই যন্ত্রনা থেকে মুক্তি পেতে শনিবার ফিনিশারের দায়িত্ব পালন করেছেন। ২১০.০০ স্ট্রাইক রেটে করেছেন ১০ বলে ১ চার, ২ ছক্বায় হার না মানা ২১ রান। রাজশাহী ওরিয়র্সের শ্রীলংকান পেসার বিনুরু ফার্নান্ডোকে ছক্কার চুমোয় করেছেন ফিফটি। শেষ ৩০ বলে ৪৩ রানের টার্গেটকে কঠিন হতে দেননি সাব্বির-শামীম। অবিচ্ছিন্ন ৬ষ্ঠ উইকেট জুটিতে তাদের ১৮ বলে ৩৬ রানের কল্যানে ৭ বল হাতে রেখে ঢাকা ক্যাপিটালস ৫ উইকেটে জিতে শুভ সূচনা করেছে। এই ম্যাচে এক সময়ের ফিনিশার খ্যাত নাসিরও ফিরেছেন স্বরুপে। করেছেণ অলরাউন্ড পারফর্ম (২/৩২ ও ১৯ রান)। আবদুল্লাহ আল মামুন বিপিএলের গত আসরে খেলার সুযোগ পাননি। তার আগের দুই আসর মিলিয়ে খেলেছেন মাত্র ৩ টি ম্যাচ। গড়ে ১৭.০০ রান করা এই ২২ বছর বয়সী ছেলেটি শনিবার ঢাকাকে দিয়েছেন জয়ের আবহ (৩৯ বলে ৪ চার, ১ ছক্বায় ৪৫)।