× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

পিআইডি

সাম্প্রদায়িক সম্প্রীতি ও রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন -পরিবেশ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন

সংস্কারের প্রশ্নে আমাদের জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে যদি আমাদের অবস্থানে কিছুটা ছাড়ও দিতে হয়, সেই ছাড় দেয়ার প্রস্তুতিও আমাদের রাখতে হবে। ঐক্যের কথা বললে বুঝতে হবে কী কী বিষয়ে ঐক্য চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঐক্য প্রয়োজন, রাজনৈতিক সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন, তরুণ প্রজন্মের প্রত্যাশা রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তির জন্য ঐক্য প্রয়োজন। জনগণকে সম্পৃক্ত করেই মতৈক্যে পৌঁছাতে হবে। বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ স্লোগানে এবং ‘ঐক্য কোন পথে’ শিরোনামের জাতীয় সংলাপ-২০২৪ এর সংলাপ অধিবেশন-১ এ বক্তৃতাকালে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমরা সংস্কারের বিষয়ে একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার কোনো কারণ নাই। কী কী সংস্কার প্রয়োজন, কে করবে, কত দিনে করবে, কিভাবে তা কার্যকরী হবে, আগামী দিনগুলোতে সে সিদ্ধান্তগুলো আমাদের নিতে হবে। সংস্কারে পিছপা হলে চলবে না। আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন হবে, যাতে সংস্কারে জনমতের প্রতিফলন দেখা যায়। জনমতের প্রতিফলন ঘটাতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতাও কঠিন হবে। কারণ মানুষের প্রত্যাশার সাথে আমাদের যদি গ্যাপ থাকে তাহলে বার বার রাজনৈতিক অস্বস্তি ও জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা বেশি।

উপদেষ্টা বলেন, শুধু অন্তর্বর্তীকালীন সরকারই না, এ পরিবর্তনের দায় ও দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। কাগজে কলমে সংস্কার করে দিয়ে গেলে হবে না, সংস্কারটির চর্চা করতে হবে যাতে মানুষ এর সুফল পায়।

রিজওয়ানা হাসান বলেন, ক্ষমতা প্রয়োগে জনগণের অংশগ্রহণ প্রয়োজন। ঐক্যের প্রয়োজন, ঐক্যের পথ বন্ধুর, এখানে সকলের কথা শুনেই আমাদের ঐক্যের পথে যেতে হবে। তিনি বলেন, ছকে ফেলা রাজনীতি বদলানোর বা বৈষম্যহীনতা দূর করার যাত্রা সহজ হবার নয়। এ যাত্রায় খুবই কঠিন রাস্তার উপর দিয়ে আমাদের যেতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, তরুণ নেতৃত্বের প্রতি আমি সব সময়ই আস্থাশীল ও আশাবাদী। বড়ো ধরনের পরিবর্তন সেটা তারুণ্যই আনতে পারবে। কারণ তারাই নতুন করে ভাবতে শিখেছে। তারাই একটা জিনিসকে নতুন চশমা দিয়ে দেখতে শিখেছে। কিন্তু নেতৃত্বে পরিবর্তন হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে তাও কিন্তু ঠিক না। পরিবর্তনটা একটা প্রক্রিয়া, কেবল আইন করে দিলেই হবে না। এই প্রক্রিয়া যাতে চালু থাকে এজন্য আমাদের নিজেদের প্রশিক্ষিত করতে হবে। এখানে তারুণ্যের যেমন ভূমিকা আছে, অভিজ্ঞতারও একটা ভূমিকা থাকবে।

উপদেষ্টা বলেন, আমি আশাবাদী এ সরকার দায়িত্ব নিয়ে যে কাজগুলো করছে, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট পাওয়ার পরই আমরা পাবলিক এনগেজমেন্টে চলে যাবো। প্রধান উপদেষ্টা বলেছেন ঐকমত্যের জন্য একটা কমিশন গঠন করা হবে। সংস্কারটি করতে পারলে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য অনেক ভালো হবে। বিদ্যমান রাজনৈতিক নেতাদের জন্যও ভালো হবে, ভবিষ্যত তরুণ নেতাদের জন্যেও ভালো হবে। কারণ তখন আমরা জানতে পারবো জনগণের প্রত্যাশা কী, এবং কোন প্রত্যাশার বিপরীতে ডেলিভারি কীভাবে দিতে হবে। ঐক্যের পথটা সরল না।


এ ক্যটাগরির আরো খবর..