গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ এতে নাবিক ও ক্রুসহ ২৩ বাংলাদেশি জিম্মি হন জলদস্যুদের হাতে। গতকাল সোমবার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন সোমালিয়া পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা। এ তথ্য জানিয়েছে সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনী। এমভি আবদুল্লাহ উদ্ধার অভিযান
ভারতীয় কমান্ডোরা সোমালি জলদস্যুদের হাতে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ এমভি রুয়েন উদ্ধার করার দুই দিন পর এই ঘোষণা দিয়েছে পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ। সোমালি জলদস্যুরা গত নভেম্বর থেকে ২০টির বেশি জাহাজে হামলা করেছ। এমভি আব্দুল্লাহ ছিনতাই ছিল সর্বশেষ ঘটনা।
পান্টল্যান্ডর আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, এখানে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং আবদুল্লাহকে আটক করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতেও তারা প্রস্তুত। অঞ্চলটি অনেক জলদস্যু চক্রের ঘাঁটি।
মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে মঙ্গলবার (১২ মার্চ) বেলা দেড়টায় ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। অপহৃত জাহাজ এমভি আব্দুল্লাহ ও ২৩ নাবিককে নিয়ে সোমালিয়া উপকূলের কাছাকাছি অবস্থান করছে জলদস্যুরা। মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর পর্যন্ত ৪৫৫ নটিক্যাল মাইল পথ পাড়ি দিয়ে জলদস্যুরা নিজেদের নিয়ন্ত্রিত জলসীমায় পৌঁছেছে। তবে এখন পর্যন্ত কোনও প্রকার মুক্তিপণ চাওয়া হয়নি বলে জানিয়েছেন জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান কেএসআরএমের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।
তিনি জানান, এখন জাহাজটি সেখানে রয়েছে। আনুষ্ঠানিকভাবে তারা এখনও কোনও দাবি-দাওয়া জানায়নি। তবে জিম্মি নাবিকদের উদ্ধারে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
বাংলাদেশি জাহাজটির মালিকপক্ষ বলেছে, জাহাজটিতে উদ্ধার অভিযানের বিষয়ে তারা কিছু জানেন না। জাহাজ উদ্ধারের চেয়ে নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনেই এখন প্রধান লক্ষ্য। তার ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা।
এর আগে ১৪ মার্চ এমভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী। তবে বাংলাদেশ সরকার তাতে সম্মতি দেয়নি বলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে আলোচনায় জানিয়েছেন মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম।
ক্যাপ্টেন আতিক ইউ এ খান বলেন, আজকে আর যোগাযোগ করেনি তারা। কোনও মেসেজও পাঠায়নি। সবশেষ শনিবার রাতে ভয়েজ মেসেজ পাঠিয়েছিল আমাকে। তাদের কাছ থেকে জানতে পেরেছি, জিম্মি নাবিকদের স্বাধীনভাবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। জাহাজে যে কয়লা এবং মেশিনারিজ আছে তা নিয়ে তারা কাজ করতে পারবে। তাতে যে শঙ্কা ছিল কয়লা হিট হয়ে গ্যাস উৎপন্ন হতে পারে, সেই শঙ্কা কমে গেলো। তাতে বিস্ফোরণের শঙ্কাও কমে গেছে।
তিনি আরও বলেন, জলদস্যুদের আচরণ এখন পর্যন্ত ভালো। জাহাজের নাবিকদের সঙ্গে ২০-৩০ জন জলদস্যু খাবারে ভাগ বসাচ্ছে। তাতে জাহাজে থাকা খাবার-পানি দ্রুত শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কারণ যে পরিমাণ মানুষের খাবার জাহাজে ছিল তার দ্বিগুণ মানুষ খাবার গ্রহণ করছে। হয়তোবা ১২-১৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। খাবার শেষ হলে উপকূল থেকে খাবার সংগ্রহ করে সরবরাহ করতে পারে জলদস্যুরা কিন্তু পানি কীভাবে দেবে সেটা জানা নেই। ইফতার-সেহরি ও নামাজের সুযোগ পাচ্ছে নাবিকরা। ভারতীয় নেভির জাহাজ আর ইউরোপীয় জাহাজ একটু দূরে অবস্থান নিয়ে এমভি আব্দুল্লাহর উপর নজর রাখছে।