রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের কলকাতার সল্টলেকের দুটি বাড়িতে তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় তাকে গ্রেপ্তার করে ভারতের দুর্নীতিবিরোধী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
পরে গভীর রাতে তাকে নিয়ে যাওয়া হয় তার বাসভবন থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে। বাসভবন থেকে গভীর রাতে তাকে ইডির দপ্তরে নিয়ে যাওয়ার সময় জ্যোতিপ্রিয় মল্লিক সাংবাদিকদের বলেছেন, তিনি গভীর ষড়যন্ত্রের শিকার। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তারপর রাত ৩টা ২৩ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
এজলাসেই মূর্ছা গিয়েছেন রেশন দুর্নীতি মামলায় ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। অসুস্থ হয়ে লুটিয়ে পড়া মন্ত্রীকে পুলিশ চেয়ারে বসা অবস্থাতেই বাইরে নিয়ে যায়। সেখানে তাকে একটি বেঞ্চে বসানো হয়। মন্ত্রী-কন্যাকে দেখা যায় বাবার মাথায় হাত বুলিয়ে দিতে। ইতোয়মধ্যে জ্যোতিপ্রিয়কে দেখা যায় বমি করতে। পরে তাকে বাইপাসের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মন্ত্রীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি নেওয়ার সিদ্ধান্তের কথা জানান হাসপাতাল কর্তৃপক্ষ। মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, জ্যোতিপ্রিয়ের সুগারের সমস্যা বেড়েছে। মাথা ঘোরা, বমি বমি ভাব, শারীরিক দুর্বলতা রয়েছে। পরীক্ষা করে শারীরিক অন্যান্য জটিলতাও ধরা পড়েছে। তারপর শুক্রবার থেকে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার হাসপাতাল সূত্রে জানা গেল, মন্ত্রীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। প্রাতরাশও দেওয়া হয়েছে তাকে। পাশাপাশি বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হচ্ছে মন্ত্রীর। তার মধ্যে রয়েছে ‘হল্টার মনিটরিং’।
উল্লেখ্য, ১৬ অক্টোবর ইডি হানা দেয় এই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বাসভবনে। দীর্ঘ ৫৫ ঘণ্টা একটানা তল্লাশি চলে বাকিবুর রহমানের চালকল, আটাকলসহ কৈখালীর বাড়িতে। সেখান থেকে উদ্ধার করা হয় প্রচুর নথি। তল্লাশির পর ইডির কর্মকর্তারা তাকে নিয়ে আসেন কলকাতার সল্টলেকের ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করে ইডি।
বাকিবুরের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে গতকাল জ্যোতিপ্রিয় মল্লিকের বাসভবনে হানা দেয় ইডি। হানা দেওয়া হয় তার পিএ বা আপ্তসহায়ক অমিত দের নাগের বাজারের বাসভবনেও। কয়লা পাচার, বালু পাচার, গরু পাচার, শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার নতুন করে অভিযোগ উঠেছে রেশনে দুর্নীতি নিয়ে।
দু’দফায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে মোট ৮০ লক্ষ টাকা দিয়েছিলেন রেশন দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বাকিবুর রহমান! এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। ইডির দাবি, বাকিবুরের সঙ্গে তার কর্মীদের হোয়াটসঅ্যাপ চ্যাটে এই টাকা লেনদেনের কথা উঠে এসেছে। তিনি যে তৎকালীন খাদ্যমন্ত্রীকে টাকা দিয়েছিলেন, ইডির জিজ্ঞাসাবাদের সময় তেমনটা না কি স্বীকারও করে নিয়েছেন বাকিবুর।
ইডি জানিয়েছে, বাকিবুরকে গ্রেফতারির সময় যে মোবাইলগুলি বাজেয়াপ্ত করা হয়েছিল, তা ঘেঁটেই লেনদেনের বিষয়টি প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে এসেছে ‘এমআইসি’ নামক এক ব্যক্তিকে একাধিকবার টাকা দেওয়ার তথ্যও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই ‘এমআইসি’-র অর্থ ‘মিনিস্টার ইন চার্জ’ এবং সেই মন্ত্রী আর কেউ নন, খোদ প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়। রেশন বণ্টন ‘দুর্নীতি’তে সরাসরি যুক্ত ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় ওরফে বালু। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত তিনিই ছিলেন খাদ্যমন্ত্রী। পরে ২০২১-এ তাকে বনমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ইডির দাবি, বালু খাদ্যমন্ত্রী থাকার সময় বাকিবুরের ‘দুর্নীতি’তে আর্থিক ভাবে লাভবান হয়েছিলেন তিনি।
এই ঘটনার পর ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এভাবে দমন করা যাবে না আমাদের। যোগ্য জবাব পাবে।’ আর রাজ্যের বিরোধী দলের নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মাঝেমধ্যে উদয় হন চোরদের বাঁচাতে।’