ভারতের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই নিজ কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে কানাডা। এরই মধ্যে দিল্লির বাইরে ভারতে কর্মরত বেশির ভাগ কানাডিয়ান কূটনীতিককে কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে সরিয়ে নেওয়া হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা আগে জানিয়েছিল, কিছু কূটনীতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হুমকি পেয়েছেন। কানাডার টেলিভিশন সিটিভি জানায়, ভারত সরকার কূটনৈতিক কর্মীদের সংখ্যা কমিয়ে কানাডায় ভারতীয় কূটনীতিকদের সংখ্যার সমান করতে অটোয়াকে ১০ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে। সেই শর্ত অনুযায়ী কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে কানাডা। সমতায় আনতে ৪১ জনকে দিল্লি ছাড়তে হতে পারে।
ভ্যাঙ্কুভারে সম্প্রতি শিখ নেতা হরদীপ সিং হত্যাকাণ্ডে ভারত সরকারের যোগশাজসের অভিযোগ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরই দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, দিল্লিতে পারস্পরিক কূটনৈতিক উপস্থিতিতে পৌঁছানোর পদ্ধতি নিয়ে আলোচনা চলছে এবং স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারত এই বিষয়ে তার অবস্থান পর্যালোচনা করবে না। তিনি বলেন, কানাডায় ভারতের শক্তির তুলনায় ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি অনেক বেশি, তাই ধারণা করা হচ্ছে সেখানে কমানো হবে। আমাদের ফোকাস কূটনৈতিক শক্তিতে সমতা নিশ্চিত করার দিকে।
জানা গেছে, ভারতে কানাডিয়ান কূটনীতিকের সংখ্যা প্রায় ৬০ এবং নয়াদিল্লি চায় অটোয়া যেন কমপক্ষে তিন ডজন কমিয়ে আনে। কানাডা ভারতের সঙ্গে নিজ্জরের হত্যা সংক্রান্ত কোনো তথ্য বা প্রমাণ শেয়ার করেছে কিনা জানতে চাইলে বাগচী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, যদি কোনো নির্দিষ্ট বা প্রাসঙ্গিক তথ্য নয়াদিল্লিকে দেখানো হয়, তবে এটি দেখতে আগ্রহী।