নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ: আহসান হাবিব খান বলেছেন, ইমান ও বিবেক ঠিক থাকলে কোন মতবিরোধ থাকতো না। আমাদের দেশ সোনার নয় হীরার বাংলায় পরিণত হতো।
আজ সকাল ১১টায় যশোরের ঝিকরগাছা উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করতে সবার অবদান দরকার। ভালোকে ভালো বলতে হবে, অর্থের কাছে বিক্রি হওয়া যাবে না। একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসাটাই আমাদের কাম্য।
তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল কিছু করা হচ্ছে। স্বচ্ছতার জন্য শুধু সিসিটিভি না সাংবাদিকদেরও আমরা আমাদের চোখ কান হিসেবে দেখছি। স্বচ্ছতা আমাদের মনের মধ্যে আনতে হবে বিবেকের মধ্যে আনতে হবে। এবং যার ভোট সে দেবে যাকে খুশি তাকে দিবে এটাই আমাদের প্রত্যাশা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, ঝিকরগাছা উপজেলা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল প্রমুখ।
আলোচনা সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোঃ: আহসান হাবিব খান মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করে কর্মসূচির উদ্বোধন করেন। আগামী দুই মাস ধরে এ বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে। এ কর্মসূচির আওতায় উপজেলার ২লাখ ১৮ হাজার ভোটারকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।
এ ক্যটাগরির আরো খবর..