রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ৬৫০ জন জনবল নিয়ে ৪৮টি ইউনিট সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরইমধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অগ্নিকাণ্ডে বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেট সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার দোকান পুড়ে গেছে। ক্ষতি হয়েছে আনুমানিক দুই হাজার কোটি টাকা উল্লেখ করে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে ৭০০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতি।
মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও গুলিস্তান মার্কেট, আদর্শ মার্কেট, এনেক্সকো টাওয়ার ও মহানগর মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট কাজ করে দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করেছে নৌ, বিমান ও সেনাবাহিনীর সদস্যরা। আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে ওপর থেকে পানি ফেলা হচ্ছে। সকাল ৯টার পর থেকে বাহিনীর হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ করতে দেখা গেছে।
র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল ও সাদা পোশাকে ছয়টি দল আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেছে।
এর আগে, সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে তিনজন ফায়ার সার্ভিস সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বঙ্গবাজারে মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো মার্কেটসহ অন্তত চারটি ভবনে ছড়িয়ে পড়েছে।
এদিকে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। তবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতলা থেকে আগুনের সূত্রপাত। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এতো বড় ধরনের অগ্নিকাণ্ড তাদের পথে নামিয়ে দিয়েছে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) দেবাশীষ বর্ধন বলেন, ৩৯ বছর চাকরি জীবনে সর্বশেষ সদরদপ্তরে ছিলাম পাঁচ বছর। রাজধানীতে এর আগে কোথাও অগ্নিকাণ্ডে এত বেশি ইউনিটের কাজ করার নজির নেই। আজ বঙ্গবাজার মার্কেটে ৪৮ ইউনিট কাজ করেছে। এটিই রাজধানীতে একসঙ্গে সর্বোচ্চ ইউনিট।
দেবাশীষ বর্ধন বলেন, এর আগেও বঙ্গবাজারে বেশ কয়েকবার আগুনের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে অনেক ইউনিট কাজ করেছে। তবে ৪৮ ইউনিট এই প্রথম। এর আগে বঙ্গবাজারে লাগা আগুনের পর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নি সতর্কতার ৩০টি সুপারিশ ছিল। আমার জানামতে একটিও কার্যকর করেননি ব্যবসায়ীরা।
তিনি বলেন, আগুন নেভাতে নেভাতে ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা পানি শেষ হয়ে যাওয়া একটি স্বাভাবিক বিষয়। পানির সংগ্রহ বিষয়টি জটিল। যেমন আজকে শোনা গেছে বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন নিভাতে নেভাতে পানির সংকটে পড়ে সার্ভিস।
তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের এখন আধুনিক সব জিনিসপত্র আছে। ২২ হাজার লিটার পানি ধারণক্ষমতার গাড়ি আছে। এ ছাড়া ১৫ হাজার লিটার গাড়িও আছে। সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার লিটারের গাড়ি আছে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস।