জেএমবি বাংলা ভাইয়ের সৃষ্ট রক্তাক্ত জনপদ খ্যাত আত্রাই-রানীনগর এলাকায় শান্তির সুবাতাস বহনকারী সদা হাস্যোজ্জল শ্রমিক নেতা, টানা তিনবারের আওয়ামী সাংসদ মো: ইসরাফিল আলম এর জন্মদিন আজ। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনাগ্রামে ১৯৬৬ সালে ১৩ মার্চ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আজিজুর রহমান ছিলেন এলাকার কৃষক আন্দোলনের নেতা।
তিতাস গ্যাস কোম্পানিতে মিটার রিডার হিসেবে তিনি চাকরি করেছেন দীর্ঘদিন। সেখানেই তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে তার রাজনীতির শুরু। শ্রমিক রাজনীতিতে তিনি ছিলেন আহসানউল্লাহ মাস্টারের শিষ্য।
গত শতকের নব্বইয়ের দশকে অটোটেম্পো চালক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন ইসরাফিল আলম। পরে তিনি তিতাস গ্যাস শ্রমিক-কর্মচারী লীগের উপদেষ্টা এবং জাতীয় ঘাট শ্রমিক লীগের উপদেষ্টার দায়িত্বও পালন করেন। এক সময় ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা ইসরাফিল মৃত্যু পর্যন্ত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন ইসরাফিল। সেই সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি।
এরপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিজয়ী হন। সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে ছিলেন টানা তিনবারের এই এমপি।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ও ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের তিনবার নির্বাচিত হয়ে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
রক্তেভেজা কান্না, বঞ্চিতের আত্মবিলাপ, খবরের কাগজের শিরোনাম ছিল খুন, আবারও খুন, অসংখ্য লোককে গলা কেটে হত্যা, নারী ধর্ষণ, নিরব চাঁদাবাজি এমন হাজার খবর জেএমবি, বাংলা ভাইয়ের সৃষ্ট রক্তাক্ত জনপদ খ্যাত আত্রাই-রানীনগরকে ইসরাফিল আলম ঝুঁকি নিয়ে বুদ্ধিমত্তার ও বিচক্ষণতার সহিত সাধারণের মুক্তি এনে দিয়েছেন। সর্বহারা, জেএবি’র হাত থেকে মানুষ অনেকটা মুক্ত। হত্যা, চাঁদাবাজী, লুটপাট, নির্যাতনের কবল থেকে মানুষ মুক্ত, আত্রাই রাণীনগরের মানুষ মৌলিক আধিকার ফিরে পেয়েছে। স্বাধীনতার পরর্বতী অপেক্ষাকৃত পিছিয়ে পড়া আত্রাই রাণীনগরকে এগিয়ে নেওয়ার একটা বড় চ্যালেঞ্জকে অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন জননেতা ইসরাফিল আলম।
আত্রাই রাণীনগরের অতিত ইতিহাস পর্যালোচনা করে তাঁর এই যুগান্তকারী পদক্ষেপ নেওয়া ছাড়া কোন পথ খোলা বলে মনে হয়না। এছাড়া ও মাদক,জঙ্গীবাদ, সন্ত্রাস, খাদ্যে ভেজাল, যৌতুক ও বাল্য বিবাহ ইত্যাদি প্রতিরোধে নিরলস ভূমিকা রেখেছিলেন গণমানুষের নেতা ইসরাফিল আলম।
সদা হাস্যোজ্জল এ ব্যক্তিটি সব সময় গঠনমূলক চিন্তা-ভাবনা লালন করতেন। এলাকার উন্নয়ন কর্মকান্ডে ছিলেন নিবেদিত। সন্ত্রাসের জনপদকে সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত করতে তাঁর ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি অত্যন্ত বিদ্যানুরাগী ছিলেন। তিনি এমবিএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন। এতো ব্যস্ততার মাঝেও তিনি উচ্চশিক্ষার জন্য নিয়মিত কোর্স করে অনেক ডিগ্রি অর্জন করেছেন।
ইলেক্ট্রনিক মিডিয়ায় সম-সাময়িক বিষয় নিয়ে টক শো-তে অংশগ্রহণ করে নিজের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারে ব্যাপক উৎসাহী ছিলেন তিনি।
ইসরাফিল আলম বেশ কিছুদিন ধরে ফুসফুস, কিডনি এবং ডায়াবেটিসজনিত নানা রোগে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এমপি ইসরাফিল। মাত্র ৫৪ বছর বয়সে ২০২০ সালের ২৭ জুলাই সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ইসরাফিল আলমের স্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য ও নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতানা পারভিন বিউটি বলেন, আমার স্বামী গণমানুষের নেতা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অসহায় মানুষদের জন্য ও শ্রমিক মানুষদের জন্য এবং এ দেশের জন্য আজীবন কাজ করে গেছেন। সব সময় সর্বদা তিনি জনগণের জন্য তার পক্ষ থেকে বিভিন্ন অনুদান, বিভিন্ন সাহায্য-সহযোগিতা করে গেছেন। আমরা তার ধারাবাহিকতায় তার স্মৃতি রক্ষার্থে তার স্বপ্ন বাস্তবায়েনে আমরা এখন পর্যন্ত কাজ করছি এবং আজীবন কাজ করে যাব। তিনি তার নিজ তহবিল থেকে রাণীনগর-আত্রাইয়ের মানুষের সেবায় কাজ করে আসছেন।