× Banner

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মন্দির গেট থেকে সরিয়ে নেয়া হলো মসজিদের দান বাক্স

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
মন্দিরের গেটে মসজিদের দানবাক্স

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরের গেটে ঝোলানো- মসজিদের সেই বহুল আলোচিত দানবাক্স অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। হেঁটে দেশ পরিভ্রমণে নামা এক ব্যক্তি ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিটি শেয়ারের কারণে গ্রেপ্তার হন ঝুমন দাশ আপন। এর আগে হেফাজত নেতা মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায়, গত বছরের মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ঝুমন দাশ। ছয় মাস কারাগারে থাকার পর গত বছরের ২৮ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

সিরাজগঞ্জের হাটিকুমরুল নবরত্ন মন্দির এখন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বিবেচিত। সিরাজগঞ্জ জেলা প্রশাসনের ওয়েবসাইটে মন্দিরটি সম্পর্কে বলা হয়েছে, ‘রামনাথ ভাদুড়ী মুর্শিদাবাদের নবাব মুর্শিদকুলী খাঁর আমলে (১৭০৪ থেকে ১৭২৮ খ্রীষ্টাব্দ) এই মন্দিরটি নির্মাণ করেন। হিন্দু স্থাপত্যের উজ্জ্বল নিদর্শন কারুকার্যমণ্ডিত নবরত্ন মন্দিরটি তিনতলা। এই মন্দিরে ছিল পোড়ামাটির ফলকসমৃদ্ধ ৯টি চূড়া। এ জন্য এটিকে নবরত্ন মন্দির বলা হতো।’
মন্দিরটি সম্পর্কে আরও বলা হয়, ‘দিনাজপুর জেলার কান্তজীউ মন্দিরের অনুকরণে গঠিতএই মন্দিরের আয়তন ৬৫.২৪ বাই ৬৫.২৪। বর্গাকার মন্দিরটি প্রায় ২ ফুট প্ল্যাটফরমের ওপর তৈরি। মন্দিরের মূল কক্ষটি বেশ বড়। ‘চারদিকের দেয়ালের বাইরের চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো ছিল। পরে কালের বিবর্তনে প্রাকৃতিক আর মানুষের অবহেলায় সংস্কারের অভাবে সব নষ্ট হলে প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি অধিগ্রহণ এবং নতুন করে এর সংস্কার করে।’

নবরত্ন মন্দিরের গেটে পাশের একটি মসজিদের দানবাক্সের ছবিটি তোলা হয় গত ২৮ আগস্ট। ছবিটি ভাইরাল হওয়ার পরদিনই স্থানীয় প্রশাসনের নির্দেশে সেটি সরিয়ে ফেলা হয়।

স্থানীয়রা গণমাধ্যমেকে জানিয়েছে, মন্দিরের উল্টো দিকেই রয়েছে একটি মসজিদ। আগের অবকাঠামো দুর্বল হয়ে পড়ায়, সেটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। ওই মসজিদের জন্য অনুদান পেতে দুটি দানবাক্স ঝুলিয়েছিল মসজিদ কমিটি। এর মধ্যে একটি মসজিদের সামনে গাছে ঝোলানো, আরেকটি লাগানো হয় মন্দিরের গেটে।

মসজিদ কমিটির সভাপতি রঞ্জু আলম অবশ্য দাবি করছেন, তারা মন্দিরের গেটে দানবাক্স ঝোলাননি; ‘অজ্ঞাতপরিচয় লোকজন’ এ কাজ করেছে।

রঞ্জু নিউজবাংলাকে বলেন, “মসজিদ আমাদের গ্রামের, ওইটার নির্মাণকাজ করতেছি, ভাঙা মসজিদ। নবরত্ন মন্দিরের সামনে একটা খুঁটির সঙ্গে দানবাক্স লাগানো ছিল। হয়তো কোনো গাড়ির সঙ্গে লেগে খুঁটিটা ভেঙে গেছিল, পরে কারা জানি ওই মন্দিরের লোহার গেটের সঙ্গে নিয়ে ঝুলিয়ে রাখছিল।”

তবে মসজিদ কমিটির সহকারী সেক্রেটারি রুবেল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, “দানবাক্সটি তাদের উদ্যোগেই প্রায় দুই মাস আগে ঝোলানো হয়েছিল।”

তিনি আরও বলেন, “কোরবানি ঈদের দুই দিন আগে আমরা এটা লাগাইছিলাম। হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নিয়েই লাগাইছি। ওরা তো এটা নিয়ে তখন কিছু বলে নাই। মন্দিরের কেয়ারটেকারকে (প্রত্নতত্ত্ব অধিদপ্তরের) বলার পর, দুই দিন সময় নিয়ে সে জানাইছে, ‘ঠিক আছে লাগাও।’ হিন্দুদের কেউ তো বাধা দেয় নাই। এই যে আমার সঙ্গেই আছেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সলঙ্গা থানার সাধারণ সম্পাদক পল্লব কুমার দাস। তার উপস্থিতিতেই ওই বক্স লাগানো হইছে।”

রুবেলের বক্তব্যকে সমর্থন করেছেন পল্লব কুমার দাস গণমাধ্যমকে বলেছেন, “আমরা তো ওখানে বসে ছিলাম। ওরা দানবাক্সটা লাগাইছে। কেয়ারটেয়ার বলছে লাগাইতে পারে। আমরা তো আপত্তি করি নাই। ওইভাবে কারও সঙ্গে তো আমাদের হিংসা-টিংসা নাই।”

পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর রায় বলেছেন, “মসজিদ কমিটির সদস্য রুবেল আহমেদ দুইটা দানবক্স লাগায়। একটা মন্দিরের বাইরের গ্রিলে, আরেকটা একটু দূরে গাছের মধ্যে। ঈদের সময় এখানে তো প্রচুর লোক হয়, তাই দান পাওয়ার জন্য ওইখানে লাগাইছে। মাস দুয়েক আগে এটা লাগাইছে। ভাইরাল হওয়ার পর প্রশাসনিকভাবে আলোড়ন হইছে, কিন্তু এলাকার লোকজনের কিন্তু এটা নিয়ে কিছু নেই। এখানে কিন্তু এটা নিয়ে কোনো উত্তপ্ত পরিস্থিতি নেই। এটা হিন্দু সম্প্রদায়ের মন্দির হলেও নিয়ন্ত্রণ করে বগুড়া আঞ্চলিক প্রত্নতত্ত্ব অফিস। এখানে একজন কেয়ারটেকার আছে, নাম মোহাব্বত আলী। মন্দিরটার সে-ই দেখাশোনা করে।”


এ ক্যটাগরির আরো খবর..