বিশ্বব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি সরকার দেশের পাটকলগুলো বন্ধ করে দিয়েছিল বললেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে পাটজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় পাটকে কৃষিজাত পণ্য হিসেবে ঘোষণা করে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে পাটকলগুলোকে যুগোপযোগী করার কথা বলেন তিনি।
বাংলাদেশের পাটের খ্যাতি বিশ্ব জোড়া। একসময়ে পাটকে বলা হতো দেশের প্রধান অর্থকরী ফসল। বাংলার সোনালী আঁশের গৌরব যখন হারিয়ে যেতে বসেছিল, পাটের ব্যবহার আরো বাড়াতে করা হয় নতুন আইন। পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর সফল বাস্তবায়নে অবদান রাখায় পাট মন্ত্রণালয় সম্মাননা জানানো হল ৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
পাটের বহুমুখী ব্যবহারকে উৎসাহিত করতে অনুষ্ঠানের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পরনে ছিলেন পাটের শাড়ি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বব্যাংকের প্রেসকিপশনে বাংলাদেশের পাটশিল্প কে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছিল বিএনপি-জামায়াত সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯১ সালে পার্লামেন্টে পাটকল বন্ধের কথা তোলা হয়। অন্যদিকে, ঠিক সেই সময়েই ভারত পাটশিল্পকে গুরুত্ব দিয়ে পাটকল চালু করতে থাকে। কিন্তু সোনালী আঁশের দেশ হলেও আমাদের দেশে বন্ধ হতে থাকে পাটকলগুলো। ২০০২ সালের ৩০ জুন এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজী মিল বন্ধ করে দেয় বিএনপি। এতে মিলের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক বেকার হয়ে পড়ে।’
মৃতপ্রায় পাটশিল্পের পুনরুজ্জীবনে সরকারের নেয়া পদক্ষেপ গুলো তুলে ধরেন শেখ হাসিনা। তিনি বলেন, পাটকলগুলো যেন ভালো ভাবে চলতে পারে তার জন্য শ্রমিকদের আলাদা মজুরী কমিশনও করা হবে। পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাটপণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।