স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে যাওয়ার সময়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহর প্রায় ১৫ মিনিট পুলিশ আটকে রেখেছে বলে অভিযোগ করেছে দলটি।
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য রাত ১২ টা ২০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে রওনা দেন। পৌণে ১টার দিকে রাজধানীর দোয়েল চত্তরের আগে হাইকোর্ট সংলগ্ন এলাকতায় পুলিশ তার গতিরোধ করেন বলে জানান বিএনপি নেত্রীর মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার। সেখানে প্রায় ১৫ মিনিট তার গাড়ি বহর আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন সঙ্গে রয়েছেন।