ঝিনাইদহ প্রতিনিধি: আমেলা বেগম (৯০) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এসেছিল ফরিদপুরের আটরশী ওরস মাহফিলে। গত ১২ ফ্রেরুয়ারি ওরস থেকে তিনি নিজ ঠিকানা হারিয়ে ফেলে চলে আসেন ঝিনাইদহের কালীগঞ্জে।
বাড়ির ঠিকানাও তিনি সঠিক করে বলতে পারছিলেন না। অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তিনি ফিরে পেয়েছেন নিজ ঠিকানা। গত ১৯ ফেব্রুয়ারি ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ তার পরিচিত জনের কাছে ওই বৃদ্ধা নারীকে তুলে দেন।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, গত কয়েকদিন ধরে ওই বৃদ্ধা নারী থানার পাশে ঘুরাঘুরি করছিল। তিনি ঠিকমত কথাও বলতে পারেন না। তার ঠিকানা কি তাও বলতে পারছিলেন না। অবশেষে তিনি বলেন, তাদের চেয়ারম্যানের নাম লুৎফর রহমান।
সে তথ্যানুসন্ধান চালিয়ে পুলিশ গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার মেয়র লুৎফর রহমানের সাথে যোগাযোগ করার পর তার ঠিকানা পাওয়া যায়। মেয়র ওই বৃদ্ধা নারীকে চিনেন এবং তিনি সেখান থেকে আমেলা বেগমের পরিচিত জন মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে পাঠান। শুক্রবার (১৯ ফ্রেরুয়ারি) সন্ধ্যায় মিজানুর রহমানের কাছে বৃদ্ধা আমেলা বেগমকে তুলে দেন পুলিশ। আমেলা বেগম গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার উত্তরগাউ গ্রামের মৃত শুকুর মাহমুদের স্ত্রী।
গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা মেয়র লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, ফরিদপুরে ওরসে যেয়ে আমেলা বেগম হারিয়ে যান। আমি ওই বৃদ্ধা মহিলাকে চিনি। তাকে কালীগঞ্জ থানা থেকে আনার জন্য মিজানুর রহমান নামেক একজনকে পাঠিয়েছি। এ ব্যাপারে তিনি থানার ওসির সাথেও কথা হয়েছে।