তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও পেজ পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এসব অ্যাকাউন্ট থেকে মন্ত্রীর নামে অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য এবং অননুমোদিত বলে উল্লেখ করা হয়েছে। মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সতর্কীকরণ বার্তায় মন্ত্রণালয় জানায়, মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে শুধুমাত্র একটি ভেরিফায়েড (ব্লু ব্যাজযুক্ত) ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এর বাইরে তাঁর নামে পরিচালিত কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
সতর্কীকরণে আরও বলা হয়, ভুয়া অ্যাকাউন্ট বা পেজ থেকে প্রচারিত কোনো তথ্য, মন্তব্য বা পোস্টকে বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে এ ধরনের অ্যাকাউন্ট বা পেজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
মন্ত্রণালয় জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই করে গ্রহণ এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।



