আফগানিস্তানে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর থেকে তালিবানদের ক্ষমতা বৃদ্ধির প্রসঙ্গ বারবার উঠে এলেও, এবার এক নতুন বিষয় সামনে এসেছে। তালিবান রাজত্বের পরিণতির জন্য আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকেই সম্প্রতি দায়ী করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু বর্তমান সময়ে তাঁদের মধ্যেকার এক ফোন কল প্রকাশ্যে আসায়, বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।
এক আন্তর্জাতিক সংবাদসংস্থার দাবী, আফগান রাষ্ট্রপতি আশরফ গনিকে গত ২৩ শে জুলাই শেষবারের মত ফোন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এটাই তাঁদের মধ্যেকার শেষ কথোপকথন। প্রায় ১৫ মিনিট মত কথা হয়েছিল তাঁদের মধ্যে। তাঁর তাঁদের এই কথোপোকথনই বর্তমানে নতুন বিতর্কের সৃষ্টি করেছে।
বিষয়টা হল, বাইডেন ধারণা করেছিলেন, মার্কিন সেনার কাছে প্রশিক্ষণপ্রাপ্ত আফগান সেনারা তালিবানদের হারিয়ে দিতে পারবে। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটল। চুক্তি মাফিক, আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার কাজ শুরু করতেই, ধীরে ধীরে আধিপত্য বিস্তার করতে থাকে তালিবানরা। আর এইভাবে গনিকে সরিয়ে ১৫ ই আগস্ট কাবুল দখল করে নেয় তারা।