ক্রীড়া প্রতিবেদক: নামিবিয়া বাংলাদেশের কাছে বিধ্বস্ত হয়েছে। ৮ উইকেটের বড় পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ হওয়ার কথা আফ্রিকার দেশটির। কিন্তু দলটির কোচ নর্বার্ট মানিয়ান্ডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রাপ্তি খুঁজে পেয়েছেন। আইসিসির সহযোগী দেশ হয়েও বাংলাদেশকে যে ভাবাতে পেরেছে সেজন্য খুশি নর্বার্ট মানিয়ান্ডে।
ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মানিয়ান্ডে বলেন,‘মাঠে নামার আগে বাংলাদেশ আমাদের শক্তির দিকগুলো নিয়ে গবেষণা করেছে। তারা জেনেছে যে আমাদের পেস আক্রমণ বেশ ধারালো। আমরা স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে তারই প্রমাণ দিয়েছি। আমরা এখানে এসেছি প্রায় দুই সপ্তাহ হয়ে এল। এখানে আমরা খেলেছিও। কিন্তু দুই সপ্তাহে এবারই প্রথম দেখলাম এখানকার উইকেটে কোনো ঘাষ রাখা হয়নি! এর অর্থ কি দাঁড়াচ্ছে? বাংলাদেশকে যে আমরা ভাবাতে পেরেছি, তারা আমাদেরকে নিয়ে চিন্তা করেছে এটাও অনেক কিছু; অনেক বড় প্রাপ্তি। কেউ স্বীকার করুক আর নাই করুক; সেটা তাদের বিষয়।’
নিজেদের ব্যর্থতা মনে না রেখে সফলতাকে তুলে ধরে কোচ বলেন,‘আমরা সঠিক পথে এগিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছি। কিন্তু এখানেই আমাদের কাজ শেষ হয়ে যায়নি আমরা অনেক ভালো করতে চাই; উন্নতি করতে চাই। হয়ত আরও দুটি কিংবা তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবো। প্রতিটিতেই আমাদের জয় পেতে হবে এমন কিছু নয়। আমরা আমাদের নিজেদের মত করে খেলব; সেটাই বড় বিষয় আমাদের কাছে।
বাংলাদেশের স্পিনারদের প্রশংসা করেছেন নামিবিয়ার কোচ,‘সত্যি বলতে আইসিসির সহযোগী দেশ হয়ে এ প্রথমবারের মত আমরা উপমহাদেশে খেলতে এসেছি। আমাদের খেলোয়াড়রাও যেমন নতুন, কোচিং স্টাফরাও। কোচিং স্টাফরা অনেকেই অনভিজ্ঞ। উপমহাদেশের উইকেট নিয়ে বেশি কিছু জানেন না তারা। আজ বাংলাদেশ খুবই ভালো বোলিং করেছে। এটা নিয়ে দ্বিমত পোষণ করার কিছু নেই। নিজেদের সেরা ক্রিকেটটাই খেলেছে এবং জয় পেয়েছে।’