সুনামগঞ্জ সীমান্তে পৌনে দুই লাখ টাকার ভারতীয় বিড়ির চালান আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিড়ির চালান জব্দের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চার চোরাকারবারীকে পলাতক আসামি দেখিয়ে থানায় মামলা হয়েছে।
উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরি পুরাগাঁও পূর্বপাড়ায় চোরাকারবারী নাসির উদ্দিনের বসতঘর থেকে বুধবার রাতে বিড়ির চালানাটি জব্দ করা হয়।
নাসির উপজেলার বালিজুরি পুরাগাঁও পূর্ব পাড়ার নুরুল ইসলামের ছেলে। নাসিরসহ মামলার পলাতক অন্য আসামিরা হলেন- উপজেলার বালিজুরির মেঞ্জারগাঁওয়ের আব্দুল আউয়ালের ছেলে মেরাজুল ইসলাম, তার ভাই সোহাগ মিয়া ও উপজেলার লাউরগড় এলাকার রফিকের ছেলে ইকবাল হোসেন।
বৃহস্পতিবার সন্ধায় থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার এ তথ্য নিশ্চিত করেন।
ওসি মো. আব্দুল লতিফের নির্দেশে থানা পুলিশের একটি চৌকস টিম চোরাচালাবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বালিজুরির পুরানগাঁও পুর্বপাড়ায় নাসিরের বসতঘরে একাধিক বস্তায় মজুদ করে রাখা ১ লাখ ৫৯ হাজার শলাকা ভারতীয় শেখ নাসির বিড়ি জব্দ করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নাসির তার অন্য সহযোগীদের নিয়ে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।