× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

খালেদার বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়েরকে ‘রাজনৈতিক প্রতিহিংসামুলক’ বলে উল্লেখ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন সেমিনার হলে কৃষক দলের প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি। প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু।

মির্জা ফখরুল বলেন, তার (খালেদা জিয়া) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা পরিহাস ছাড়া কিছু নয়। খালেদা জিয়া বাইরে থাকলে তাদের (সরকার) টনক নড়ে যায়। সেজন্য তাকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হচ্ছে।

মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে সরকারের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামে এক আইনজীবী। সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’

ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান আওয়ামী লীগপন্থি আইনজীবী নেতা মেহেদী।

নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন মেহেদী। পরে অনুমতিও পান এই আইনজীবি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার নামে একটার পর একটা মামলা করা হচ্ছে। কখনও দুর্নীতি দমন কমিশন (দুদক), কখন সরকার মামলা করছে। যিনি (খালেদা জিয়া) ১৯৭১ সালে রাষ্ট্রের জন্য কারাবরণ করেছেন, যার স্বামী স্বাধীনতার ঘোষণা করেছেন, যিনি পরবর্তীকালে গণতন্ত্রের জন্য ৯ বছর আন্দোলন করেছেন, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, কখনও কোনো নির্বাচনে হারেনি; তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করা হয়েছে। এটা পরিহাস ছাড়া কিছুই নয়।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপি চেয়ারপারসন যে বক্তব্য রেখেছেন তাতে রাষ্ট্রদ্রোহিতার বিন্দু মাত্র চিহ্ন নেই। বরং তিনি বলেছেন, এটার একটি সঠিক হিসাবে হওয়া উচিৎ। এ হিসাবের মাধ্যমে আমাদের প্রকৃত শহীদদের মর্যাদা দিতে পারি।’

ক্ষমতায় যাওয়ার জন্য এিনপির সংগ্রাম নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সংগ্রাম গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম। দেশকে স্বৈরাচার, ফ্যাসিবাদ, ভয়ঙ্কর উগ্রবাদ থেকে রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করার সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়ী হতে হবে। এর কোনো বিকল্প নেই। এজন্য আমাদের সবাইকে সংগঠিত হতে হবে। যেভাবে মানুষকে ৭১, ৯০ সালে সংগঠিত করা হয়েছিল।’

জঙ্গিবাদ ঠেকানোর জন্য জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিরোধী দলকে দোষারোপ না করে বিরোধী দলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গঠন করতে হবে। বিরোধী দলকে দোষারোপ করে জঙ্গিবাদ ঠেকানো যাবে না। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল। এখানে উগ্রপন্থি ও সন্ত্রাসের জায়গা নেই।’

কৃষকের দুরবস্থা চলছে বলেও প্রতিনিধি সম্মেলনে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, এখন কৃষকেরা ন্যায্য মূল্যে পায় না। এ কারণে কৃষকেরা কৃষি কাজ ছেড়ে দিচ্ছে।

সারাদেশ থেকে ৭৫টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা প্রতিনিধি সম্মেলনে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..