স্টাফ রিপোর্টার: খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে মঙ্গলবার প্রতিটি দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করবে দলটির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
সোমবার সংগঠনটির দফতর সম্পাদক কাজী রফিকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব সব জেলা ও মহানগর শাখাকে কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের কারণে সরকারের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছেন মোমতাজ উদ্দিন মেহেদী নামে এক আইনজীবী। সোমবার ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।’
ওই বক্তব্যে ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছে অভিযোগ করে গত ২৩ ডিসেম্বর তা প্রত্যাহার করতে উকিল নোটিশ পাঠান আওয়ামী লীগপন্থি আইনজীবী মেহেদী।
নোটিসের জবাব না পেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে আবেদন করেন মেহেদী। পরে অনুমতিও পান এই আইনজীবী।