বিনোদন ডেস্ক: খন্দকার নূরুল আলমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের জনতা। আজ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদন করার জন্য রাখা হলে সেখানে যান শিল্প-সাংস্কৃতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিত্বরা। এ সময় তারা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন নুরুল আলমের কীর্তির কথা। পরে তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ রবীন্দ্র সংগীত পরিষদ, বহ্নিশিখা, বাংলার মুখ প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়। প্রয়াত সুরকারের জন্য সেখানে একটি শোক বইও খোলা হয়।
জনপ্রিয় অসংখ্য গানের সুরস্রষ্টা ও গায়ক খন্দকার নূরুল আলম শুক্রবার দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।
শহীদ মিনারে প্রয়াত সুরকার ও শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে আসা অভিনেতা এটিএম শামসুজ্জামান কান্নাজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করে বলেন, “আমি তখন ২৫ বছরের, স্ক্রিপ্ট লেখালেখির সঙ্গে জড়িত, আমার প্রথম ছবি ‘জলছবি’। নায়ক ফারুকের জন্ম ওই ছবিতে। ওই ছবিতে তিনি একটি গান লিখেছিলেন, সুর দিয়েছিলেন।”
কাঁদতে কাঁদতে তিনি বলেন, “আমার কাছে মানুষেরা একে একে চলে যাচ্ছে। এর আগে কেন আমি চলে গেলাম না? এই মানুষটার কাছে গিয়ে যখন দাঁড়াতাম, বয়সের ভেদ ভুলে যেতাম। তার মত কেউ আবার আসবে কি-না, সন্দেহ আছে।”
এছাড়া অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, গীতিকার রফিকুজ্জামান, ওস্তাদ আলাউদ্দিন খানের ভাতিজা সঙ্গীত পরিচালক শেখ সাদী খান প্রমুখ স্মৃতিচারণ করেন।