যশোর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু ধর্ম মতে, কুমারী হচ্ছে শুদ্ধতার প্রতীক। দেবী দুর্গার আরেক নাম কুমারী। এ পূজার মাধ্যমে স্বয়ং মা দুর্গা মানুষের ভেতরে বিকশিত হন। তাই শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে দুর্গা দেবীকে কুমারী রূপে অর্ঘ্য প্রদান করা হয়।
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুমারী পূজা। এ বছর কুমারী হিসেবে যশোর মণিরামপুর এলাকার দেবব্রত ভট্টচার্য্যরে ৫ বছরের মেয়ে ঐশানী ভট্টচার্য্যকে পূজা করেছেন ভক্তরা। কুমারী ঐশানীর মাধ্যমে দেবীকে আরধনা করতে পেরে খুশি রামকৃষ্ণ আশ্রমে আসা ভক্তরা।
দিপালী সাহা নামে এক ভক্ত জানান, কুমারীকে দেবী জ্ঞানে আজ পূজা করেছেন। মহামারির এসময় পরিবারের সবাই একসাথে সুস্থ্য থেকে প্রার্থণা করতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। একইসাথে দেবীর প্রস্থানের সাথে করোনা মহামারির অবসান হবে সেই প্রার্থণা করেছেন বলে জানান তিনি।
সুবল চক্রবর্তী নামে অপর এক ভক্ত বলেন, সবস্থানে কুমারী পূজা হচ্ছে না। যশোরে স্বাস্থ্যবিধি মেনে পূজা হওয়ায় পরিবারের সবার সাথে এসে পূজা করেছেন। ভক্তরা সকলে সরকারি নির্দেশনা মেনে মাস্ক পড়ে মন্দিরে এসেছেন। প্রার্থণা করি যেন দ্রুত মহামারির অবসান হয় এবং আগামীতে স্বাভাবিকভাবে পূজা-অর্চনায় অংশ নিতে পারি।
এদিকে রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী জ্ঞান প্রকাশনন্দ মহারাজ বলেন, প্রতিটি নারীর মধ্যে দেবী মা দুর্গা বিদ্যমান। ফলে নারীকে ভোগের নয় শ্রদ্ধার দৃষ্টিতেও দেখতে হবে। তাহলে সকল পাপাচার বন্ধ হবে।
তিনি আরো বলেন , পাখি যেমন একটি পাখায় ভর করে উঠতে পারে না, তেমনি সমাজও কেবল পুরুষ দ্বারা চালানো সম্ভব নয়। সামাজিক ভারসম্য বজায় রাখতে নারী ও পুরুষ একসাথে চলতে হবে। নারীদের তাদের প্রাপ্য সম্মান, শ্রদ্ধা ও অধিকার দিতে হবে। এবারের কুমারী পূজায় আমরা পুরুষদের সেই ম্যাসেজটা দিতে চাই।