বগুড়া প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে জনপদের পাকা সড়কে রয়েছে একাধিক সেতু। এ সেতু ও পাকা রাস্তার কারণে বদলে গেছে গ্রামীন জনপদ। যোগ হয়েছে উন্নত যোগাযোগব্যবস্থা। কিন্তু সংস্কারবিহীন ও তদারকির অভাবে সেই সড়কগুলো এখন মরণফাঁদ।
সেতু সংলগ্ন সড়কের দুই পাশই ধসে পড়ে বর্তমানে ভাঙনের ঝুঁকিতে পড়েছে। দুর্ঘটনা ও নানা শঙ্কা নিয়ে যাতায়াত করছে নানা ধরনের যানবাহন ও পথচারীরা। বগুড়ার ধুনট উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদের ৯টি সেতুর এমন চিত্র দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা শহরের সঙ্গে ১০ ইউনিয়নে যোগাযোগের সবগুলো রাস্তা পাকাকরণ করা হয়েছে। একই সঙ্গে রাস্তাগুলোতে থাকা নদী, নালা ও খালে ছোট-বড় সেতু নির্মিত হয়েছে। এক্ষেত্রে ওইসব এলাকায় যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। তবে পাকাকরণ রাস্তার মাঝে এসব সেতুর মধ্যে ৯টি সেতু বর্তমানে ভাঙনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে আছে। উপজেলার ঝুঁকিপূর্ণ সেতুগুলোর মধ্যে বিলচাপড়ি, এলাঙ্গী, বরইতলী, শাকদহ, সোনারগাঁ, বানিয়াগাতি, গোসাইবাড়ি, সাতটিকরি, রুদ্রবাড়িয়া। এর মধ্যে বিলচাপড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে সেতুটি ভয়াবহ ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, সেতুর সংযোগ সড়কের দুই পাশে রাস্তা ধসে গেছে। এ ছাড়া কোথাও গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার সংস্কারবিহীন সড়ক ভেঙে পড়েছে। সব মিলে সেতুগুলোর ওপর দিয়ে অবাধে চলাচল নিরাপদ নয়। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। স্থানীয়রা দুর্ঘটার ঝুঁকি এড়াতে সতর্কতা সংকেত হিসেবে সংযোগ সড়কের ভাঙা স্থানে লাল নিশান উড়িয়ে দিয়েছেন।
এলাকাবাসীরা জানায়, পাঁকা সড়ক সংলগ্ন সেতুগুলোর এমন অবস্থায় নির্মাণকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সেতুর দুই পাশে যে পরিমাণ মজবুত করে মাটি ভরাটের কথা ছিল তা করা হয়নি।
এতে সেতুর দুই পাশে মাটি দেবে গিয়ে পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বর্ষা মৌসুমে বৃষ্টির পানি গড়ে ধসে পড়ছে। সেতুর ওপরের পানি গড়ার জন্য ব্যবস্থা না থাকায় এ ধরনের ক্ষতি হয়েছে। এসব সেতুর ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। সেতুগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। তবে বিকল্প কোনো পথ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এসব সেতুই ব্যবহার করতে হচ্ছে এলাকাবাসীদের।
এ ব্যাপারে ধুনট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, অতিবর্ষণে সেতুর দুই পাশের সংযোগ সড়কের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত সেতুগুলোর তথ্যচিত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হবে। এ বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভায় আলোচনা করা হয়েছে। সংস্কারের জন্য অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়া চলমান রয়েছে।