অর্থনৈতিক ডেস্ক: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ট্যারিফ ও ননট্যারিফ শুল্ক সংক্রান্ত জটিলতা দূর করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে মতবিনিময়ে তাকে এ আহ্বান জানান মন্ত্রী।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
তোফায়েল বলেন, বাংলাদেশ বাণিজ্য সমস্যা দূর করে ভারতে পণ্য রপ্তানি বৃদ্ধি করতে চায়। চলমান ট্যারিফ ও নন-ট্যারিফ শুল্ক সংক্রান্ত জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি আরো বৃদ্ধি পাবে।
এদিকে ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে মতবিনিময়ে তোফায়েল আহমেদ বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত, বাংলাদেশ, ভূটান ও নেপালের মধ্যে যোগাযোগ স্থাপিত হলে এ অঞ্চলে বাণিজ্য বহুগুন বৃদ্ধি পাবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার পরিকল্পিতভাবে রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি এবং নতুন নতুন রপ্তানি বাজার সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ অধিক গুরুত্ব দিয়ে যাচ্ছে। সহযোগিতা পেলে আঞ্চলিক বাণিজ্য আরো বৃদ্ধি করা হবে।
পরে বাণিজ্যমন্ত্রী ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি, রেলমন্ত্রী সুরেশ প্রভুর সঙ্গেও বৈঠক করেন। এ সময় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দু’দেশের মধ্যে চলমান বাণিজ্য আরো বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। ভারতের পাট ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে পাট রপ্তানি ক্ষেত্রে চলমান ‘সমস্যা’ দূর করার আহ্বান জানালে তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন।
আগামী ১০-১২ জানুয়ারি ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তমে ২২তম দ্য পার্টনারশিপ সামিটে যোগ দিতে গত বৃহস্পতিবার ভারতে যান বাণিজ্যমন্ত্রী।