অংকন তালুকদার: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, কোটালীপাড়ায়, মুকসুদপুরে এরকম করোনা আক্রান্ত হবে, এটা সত্যিই আমি ভাবতে পারিনি। বাইরে থেকে বিশেষ করে বরিশাল থেকে যাতে লোকজন না যায়, সেটা একটু দেখতে হবে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলার প্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে আজ সকাল ১০টায় মত বিনিময় শুরু হয়।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করছেন।
প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, জেলা থেকে ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ১৭ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ১৭ জনের মধ্যে ১০ জন পুলিশ। আর ৭ জন নারায়ণগঞ্জ থেকে যাওয়া।
জেলার মুকসুদপুরে ১০ পুলিশ সদস্য, সদর উপজেলায় ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩ জন এবং কোটালীপাড়া উপজেলায় এক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের জেলা ও উপজেলা পর্যায়ে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় তিন নারীর মৃত্যু হয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
এরপর শেখ হাসিনা বলেন, শিবচর হয়ে আমাদের টুঙ্গিপাড়ায় গিয়ে এই ভাইরাস ছড়ালো।
এসময় জেলা প্রাশাসক শাহিদা সুলতানা বলেন ইতিমধ্যেই গোপালগঞ্জ জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।