ক্রীড়া ডেস্ক: এ মাসের শুরুতেই নিউজিল্যান্ড থেকে কুশল পেরেরাকে দেশে ফিরিয়ে এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ডোপ পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ায়। এবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী জানালেন, পেরেরার ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে। এর ফলে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
ডোপ পরীক্ষায় পেরেরার পজিটিভ প্রমাণিত হওয়ার খবর এ মাসের শুরুতে পাওয়া গেলেও পরীক্ষাটা হয়েছিল মাস পাঁচেক আগে। পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময়ে দৈবচয়ন ভিত্তিতে পরীক্ষা নেয় আইসিসি। ওই পরীক্ষাতেই নিষিদ্ধ দ্রব্যের উপস্থিতি ধরা পড়ে পেরেরার নমুনায়। কিন্তু এবার পেরেরার ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে।
শুক্রবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াশেকেরা সাংবাদিকের বলেন, ‘আইসিসি জানিয়েছে যে, নিষিদ্ধ দ্রব্য নেওয়ার ব্যাপারে তার (পেরেরা) ‘বি’ নমুনাও পজিটিভ প্রমাণিত হয়েছে।’ আইসিসির ডোপিং বিরোধী আইন অনুযায়ী, এই অপরাধের শাস্তি হিসেবে একজন ক্রিকেটার সর্বোচ্চ চার বছর নিষিদ্ধ হতে পারেন।
দয়াসিরি জয়াশেকেরা অবশ্য এখনই হাল ছাড়ছেন না। বরং এটার বিরুদ্ধে আপিল করার কথাও জানিয়েছেন তিনি, ‘আমরা এটার বিরুদ্ধে আপিল করব। কারণ এর আগের চারটি ঘটনায় তার ক্ষেত্রে এমনটা ঘটেনি। তাকে এটার থেকে মুক্ত করতে আমরা সব ধরনের সহায়তাই করব।’