ক্রীড়া ডেস্ক : নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে।
আর এই দলে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার টেন্ট্র বোল্টকে। প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে আরেক পেসার টিম সাউদিকেও। তবে তৃতীয় ম্যাচের দলে নেওয়া হয়েছে তাকে। দলে নতুন মুখ ব্যাটসম্যান হেনরি নিকোলাস।
এর আগে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে ছিলেন বোল্ট। তারপর থেকে টানা চারটি টেস্ট খেলেছেন এই বাঁহাতি পেসার। খেলবেন আগামী শুক্রবার থেকে হ্যামিল্টনে শুরু হতে যাওয়া টেস্টেও। তাই প্রথম তিন ওয়ানডেতে তাকে দলের বাইরে রেখেছেন নির্বাচকরা।
প্রথমবারের মতো সুযোগ পাওয়া ২৪ বছর বয়সি ব্যাটসম্যান নিকোলাসের ঘরোয়া ক্যারিয়ার বেশ সমৃদ্ধই। ৩৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪৪.৭ গড়ে ১ হাজার ১৪৬ রান করেছেন এই বাঁহাতি। যেখানে আটটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরিও আছে।
আগামী ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।
প্রথম তিনটি ওয়ানডের নিউজিল্যান্ডের দল:
ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), ডগ ব্রেসওয়েল, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি (প্রথম দুই ওয়ানডে) , মিচেল ম্যাকক্লেনাঘান, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলাস, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর, কেন উইলিয়ামসন, জর্জ ওয়ার্কার।
*তৃতীয় ওয়ানডের দলে যোগ দেবেন টিম সাউদি।