× Banner

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বনদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় সুন্দরবনকে ভীত-সন্ত্রস্ত অবস্থায় যেতে হয়েছে। কিন্তু র‍্যাবের প্রচেষ্টায় সুন্দরবনের অনেক দস্যু আত্মসমর্পণ করেছে। তাই আজ আমরা এই বনকে দস্যুমুক্ত ঘোষণা করতে পারি। আমি এ মুহূর্তে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলাম।

এসময় এ কাজে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিকে, আজ সুন্দরবনের আরও ছয়টি বনদস্যু বাহিনীর ৫৪ সদস্য আত্মসমর্পণ করবেন।

আজ সকালে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দিবেন বনদস্যুরা।

র‌্যাব-৬ খুলনা সূত্র জানায়, আত্মসমর্পণ অনুষ্ঠানে দস্যুরা ৫৮টি অস্ত্র এবং ৩ হাজার ৩৫১ রাউন্ড গোলাবারুদও জমা দেবেন।

এছাড়া ইতিপূর্বে আত্মসমর্পণ করা দস্যুদের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেয়া হবে। তারা যাতে স্বাভাবিক জীবন-যাপন করতে পারে সে ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা হবে।র‍্যাব সূত্র জানায়, এ পর্যন্ত ১৩৫ জন জলদস্যু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এছাড়া ৫০৭ জন দস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণের মাধ্যমে আলোর পথে ফিরে আসার সুযোগও তৈরি করেছে র‌্যাব।  ২০১৬ সালের ৩১ মে র‍্যাবের কাছে প্রথম আত্মসমর্পণ করে দস্যুদল মাস্টার বাহিনী। এছাড়া সুন্দরবনের ২৬টি বনদস্যু বাহিনীর ২৭৪ জন সদস্য ৪১২টি দেশি বিদেশি অস্ত্র, প্রায় ১৭ হাজার গোলাবারুদসহ স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে আত্মসমর্পণ করে।


এ ক্যটাগরির আরো খবর..