সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে করা ঘুষ চাওয়ার মামলায় তদন্ত করছেন (দুর্নীতি দমন কমিশন) দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা প্রয়োজনে যুক্তরাষ্ট্র যাবেন বলে দাবি করেছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন বিএনপির সাবেক নেতা, মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদা। বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি নাজমুল হুদা মামলার এজাহারে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ করেন এস কে সিনহার বিরুদ্ধে। আদালতের মাধ্যমে মামলাটি তদন্তের জন্য দুদকে এসেছে।
মামলা প্রসঙ্গে দুদকের চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন- ‘আইনের বাইরে যাওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা কী করবেন, তা আমি বলতে পারব না। আমি তো অভিযোগ বিচার–বিশ্লেষণ এখনও করতে পারিনি। এটি আদালতের মাধ্যমে দুদকে এসেছে। আদালত তো কিছু না বুঝে আমাদের দেননি। তদন্ত আমাদের করতে হবে, এটা স্বতঃসিদ্ধ। কিছু একটা না থাকলে তো আদালত আমাদের দেবেন না।’