নাগরিকত্বের অধিকার ছাড়া মায়ানমার ফিরে যেতে নারাজ রোহিঙ্গা শরণার্থীরা। তাঁদের দাবি, মায়ানমার তাঁদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলে সে দেশে ফিরবে না তাঁরা। প্রাণ বাঁচাতে পলিয়ে এসে ফের মৃত্যু মুখে যাওয়া সম্ভব নয়। এই বিষয়ে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের দ্বারস্থ হয়েছেন তাঁরা।
গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর সঙ্গে ছিলেন বিশ্বব্যাংকের প্রধান জিম ইয়ং কিম। রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গাদের পরিস্থিতি খতিয়ে দেখতেই তাঁদের এই সফর। ইতিমধ্যে একাধিক শরণার্থী শিবির পরিদর্শন করেছেন তাঁরা। উদ্বাস্তুদের মুখে শুনেছেন বার্মিজ সেনার অত্যাচারের কথা। তাঁদের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। সোমবার বালুখালি ট্রানজিট পয়েন্টে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন গুতেরেস। রাখাইনে সরকারি বাহিনীর নিপীড়নের কথা তুলে ধরেন উদ্বাস্তুরা।
ইউএনএইচসিআর–এ কর্মরত, আলি জোহার নামের এক রোহিঙ্গা শরণার্থী জানান, বিনা নাগরিকত্বে রোহিঙ্গারা মায়ানমারে ফেরত যেতে রাজি নয়। একই সঙ্গে সেখানে কর্মসংস্থান ও সুনিশ্চিত নিরাপত্তার দাবিও রয়েছে উদ্বাস্তুদের। নাগরিক হিদেবে স্বীকৃতি না পেলে ফের বার্মিজ সেনার হামলার মুখে পড়তে হবে তাঁদের। এঁটে দেওয়া হতে পারে সন্ত্রাসবাদী তকমা। তবে আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি নয় নাইপিদাও। সু কি সরকারের দাবি, শরণার্থীদের সঙ্গে জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। তাই পরিচয় যাচাইয়ের মাধ্যমে শরণার্থীদের ফেরানো হবে।