ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে ১ হাজার ৮৩৭ টাকার সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে বিইআরসি। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নির্ধারিত নতুন দাম সোমবার রাত ৮টার পর থেকে কার্যকর হবে। তবে বিইআরসির ঘোষিত দামে গত মাস থেকেই বাজারে এলপিজি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। গত অক্টোবর মাসে ২৫২ টাকা বাড়িয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকায় তখনও প্রতি সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
এদিকে ১২ কেজি এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। যানবাহনে ব্যবহৃত এই জ্বালানির দাম গত সেপ্টেম্বর মাসে ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা। একই সঙ্গে অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকদের মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ ১২ কেজি সিলিন্ডারপ্রতি ২০০ টাকা থেকে বাড়িয়ে ২৮১ টাকা ৭৬ পয়সা করা হয়েছে। এ চার্জের মধ্যে অপারেটরের প্ল্যান্ট থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত পরিবহন খরচও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে ডিলারদের চার্জ ৫০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা এবং খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পর আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এর ফলে ১ হাজার ৫৮৫ টাকার এলপিজি সিলিন্ডার বিভিন্ন স্থানে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে থাকে।





