ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ৬.৭ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও ভারত ও মিয়ানমারে ভূমিকম্প হয়েছে। ভোরে যখন মানুষ গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই কেঁপে ওঠে পুরো দেশ। ভূমিকম্পে ঢাকা, লালমনিরহাট ও রাজশাহীতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুরে। ভূমিকম্পটি মণিপুরের রাজধানী ইম্ফলের ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে তামেংলং জেলার ননি গ্রামে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৫৫ কিলোমিটার। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৩৫২ কিলোমিটার।
ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশায়ও ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মণিপুরে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক। ইম্ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মিয়ানমার কিংবা ভুটানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ইম্ফলে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মী কানারজিত কাঙ্গুজাম টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ইম্ফলে এটি এ পর্যন্ত সবচেয়ে বড় ভূকম্পন।’
ভূমিকম্পের পর বাংলাদেশের রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। রাজধানীর পূর্ব জুরাইনে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাসা থেকে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান (২২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া লালমনিরহাটে নুরুল ইসলাম কদু (৫০) নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। রাজশাহীতে খলিলুর রহমান (৬৫) নামের একজন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
এ ছাড়া ভূমিকম্পে আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে রাজধানীতে কমপক্ষে ৩০ ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আর বেশ কয়েকজন ঢামেকে ভর্তি হয়েছেন।