বিশেষ প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি। আর ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের জন্য ১৩ মার্চ দিন ঠিক করা হয়েছে। জানালেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
আজ (বৃহস্পতিবার) বিকালে কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়।
হেলালুদ্দীন বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ৯ জানুয়ারি। আর দুই সংসদীয় আসনে উপ নির্বাচনের বিস্তারিত সময়সূচি ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া নতুন ৩৬টি ওয়ার্ডেও একই দিন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় গেলো বছরের ৩০ নভেম্বর মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে মেয়র নির্বাচিত হন আনিসুল। প্রায় দুই বছর ওই দায়িত্ব পালন করেন তিনি।
স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য ঘোষণা করায় আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হকের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসনটি শূন্য হলে উপ নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়।