সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক এলাকার সাজানো অপরহণ মামলার কথিত ভিকটিম চট্টগ্রামে ভিক্ষাবৃত্তিকালে উদ্ধার করেছে সিআইডি পুলিশ। বুধবার চট্টগ্রাম থেকে উদ্ধারের পর বৃহস্পতিবার তাকে শরীয়তপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিআইডি দপ্তরে আনা হয়। ভিকটিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহনের জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, এজাহার নামীয় আসামী তাহের বেপারীর বাড়ি থেকে মাদবর বাড়ি পর্যন্ত শাখা রাস্তা নির্মাণে কথিত ভিকটিম হামিজ উদ্দিন বেপারীর জায়গা পড়ে। তখন হামিজ উদ্দিন বেপারী এজাহার নামীয় আসামীদের বিবাদী করে চীফ জুডিসিয়াল আদালতে মামলা করে। কোন অবস্থাতেই রাস্তা নির্মাণ আটকাতে না পেরে কথিত অপহরনের ঘটনা ঘটায়। পরে ভিকটিমের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে নড়িয়া থানায় তাহের বেপারী সহ ১৮ জনকে আসামী করে অপহরণ ও সহায়তার অভিযোগ এনে ৫ অক্টোবর ২০১৫ সালে মামলা করে।
কথিত ঘটনার পর থেকেই ভিকটিম আত্ম-গোপন করে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় ভিক্ষা করছিল। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাজিব রহমান সোর্সের মাধ্যমে জানতে পারে অপহৃত কথিত ভিকটিম হাটহাজারী এলাকায় ভিক্ষা করছে। তখন সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে হেফাজতে নেয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অন্যান্য ফোর্সের সহায়তায় শরীয়তপুর সিআইডি দপ্তরে নিয়ে আসে। ভিকটিমের জবান্দি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মতে গ্রহন করা হবে।
মামলার ১নং আসামী তাহের বেপারী বলেন, ৪০ দিন কর্মসৃজনের মাধ্যমে আমার বাড়ি থেকে মাদবর বাড়ী পর্যন্ত একটা রাস্তা বরাদ্দ পাই। রাস্তার কিছু একটা অংশ হামিজ উদ্দিন বেপারীর জমিতে পরে। যাতে রাস্তা হতে না পারে সেজন্য কথিত অপহরণের ঘটনা সাজিয়ে ১৮জনকে আসামী করে অপহরণ মামলা করেন। এই মামলায় আমরা ১ বছর যাবত হয়রানি হইতে ছিলাম। এখন মামলার পরিকল্পনাকারী কথিত ভিকটিমকে চট্টগ্রামে ভিক্ষাকরা অবস্থায় পুলিশ তাকে আটক করেছে। এ মামলায় আমার এক ছেলে হেমিল বেপারীকেও আসামী করা হয়। কথিত ঘটনার ১ মাস পূর্বে সে বিদেশ চলে গিয়েছিল।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশ উপ-পরিদর্শক রাজিব রহমান বলেন, মামলার প্রায় ১ বছর হতে চলেছে ভিকটিমের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। সোর্সের মাধ্যমে জানতে পারি চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় ভিকটিম ভিক্ষাবৃত্তি করছে। তখন হাটহাজারী থানা পুলিশের সহায়তায় ভিকটিমকে হেফাজতে নেই। পরে শরীয়তপুর এনে ভিকটিমকে আদালতে প্রেরণ করা হয়েছে।