বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন

 শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়ালটন বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)।

আজ (সোমবার) দুপুরে হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এবারের এই প্রতিযোগিতার পুরুষ বিভাগে ৬টি ও নারী বিভাগে ৬টিসহ মোট ১২টি দল অংশ নিয়েছে। পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, বাংলাদেশ আনসার, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, জামালপুর স্পোর্টস একাডেমি ও আনোয়ার সরকার স্পোর্টস একাডেমি, কুষ্টিয়া। নারী বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো- বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা, জামালপুর স্পোর্টস একাডেমি, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ও নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল।

উদ্বোধনী ম্যাচে নারী বিভাগে মুখোমুখি হয় জামালপুর স্পোর্টস একাডেমি ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা। ম্যাচে জামালপুর ৪৭-১৮ গোলে জয়ী হয়। তারা প্রথমার্ধে ২৭-০৬ গোলে এগিয়ে ছিল। সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩১-১৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে হারায়। অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৭-১৮ গোলে নওগাঁর বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলকে পরাজিত করে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৬ গোলে এগিয়ে ছিল। এদিকে দুপুরে পুরুষ বিভাগের খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৫২-০৯ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ৩৩-০২ গোলে এগিয়ে ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।