বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পাশাপাশি মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সন্মেলন কক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের উদাসীন মনোভাব ও বিচারহীনতার কারনেই এদেশে ধীরে ধীরে বসবাসের অনুপযুক্ত হয়ে অস্তিত্ব সংকটে হিন্দু সম্প্রাদায়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের নানা সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।’ তারেক রহমান পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের সব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
বৈঠকে জাতীয় জীবনের সবক্ষেত্রে সনাতন সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবি তোলা হয়েছে বলেও জানান পরিষদের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পাশাপাশি মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এসব মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।’
সাক্ষাৎকালে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।
মূলত ক্ষমতাসীনরা সংখ্যালঘুদের জমি-জমা দখল নিতে ও নিজেদের অপরিহার্যতা প্রমাণের কৌশলের অংশ হিসেবেই নির্যাতনের ঘটনাগুলোকে রাজনৈতিক রূপ দেয়। আর এসব কারণেই যেকোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পর তা নিয়ে ব্যাপক আলোচনা ও রাজনীতি হয়; কিন্তু ঝুলে থাকে এর বিচার। নেপথ্যে ক্ষমতাসীনরা জড়িত থাকায় জড়িতদের আইনের আওতায় আনা যায় না বলেও অভিযোগ আছে। প্রায় প্রতিবছরই ঘটে যাওয়া এ ধরনের সাম্প্রদায়িক হামলার কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, সবগুলোর পেছনেই মূলত সম্পদ দখলের রাজনীতি। নতুন ইস্যুতে পুরনো ঘটনা চাপা পড়া ও রাষ্ট্র নিশ্চুপ থাকায় হামলাকারীরাও প্রশ্রয় পায়।
বেশ কয়েক বছর ধরেই ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটছে। শুরুটা হয়েছিল ২০১২ সালে। পবিত্র কোরআন শরীফকে অবমাননা করে স্ট্যাটাস দেয়া হয়েছে- এ অভিযোগে ওই বছরের ২৯ সেপ্টেম্বর রামুতে হামলার ঘটনা ঘটে। সেই সহিংসতা ছড়িয়ে পড়ে উখিয়া ও টেকনাফ উপজেলার বৌদ্ধপল্লিতেও। দু’দিনের ওই সহিংস ঘটনায় আহত হন বহু বৌদ্ধধর্মাবলম্বী, ক্ষতিগ্রস্ত হয় ১৯টি বৌদ্ধবিহার। তখন এলাকা ও দেশত্যাগ করে কয়েকটি বৌদ্ধ পরিবার। যার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ আনা হয়েছিল, সেই উত্তম কুমার বড়ুয়ারও কোনো খোঁজ নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে ২০১৩ সালে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম বাজারে অর্ধশত হিন্দু বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। যদিও পুলিশের তদন্তে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি বলেই উঠে আসে।
রসরাজ দাস নামের একজনের ফেসবুকে উস্কানিমূলক ছবি পোস্টকে ঘিরে ২০১৬ সালের ৩০ অক্টোবর ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডব চালানো হয়। সেই হামলায় একজন নিহত হন। আটটি হিন্দুপাড়ায় ভাঙচুর করা হয়েছিল অন্তত ৩০০ বাড়ি-ঘর, মন্দির ও দেবতার মূর্তি। অনেকেরই ঘরবাড়ি পুড়িয়ে দেয় হামলাকারীরা। আতঙ্ক নিয়ে অনেকেই চলে গেছেন এলাকা ছেড়ে। নাসিরনগরের এ হামলার নেপথ্যে ক্ষমতাসীন দলে স্থানীয় সংসদ সদস্য ও তার ভাই জড়িত বলেও অভিযোগ রয়েছে।
মহানবীকে নিয়ে ফেসবুকে এক হিন্দু যুবকের পোস্টকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনা ঘটে। ২০১৭ সালের ১০ নভেম্বরের সেই ঘটনায় এক ব্যক্তির মৃত্যুও হয়। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক হিন্দু যুবকের ফেসবুক ম্যাসেজের জের ধরে ২০১৯ সালের ২০ অক্টোবর সৃষ্ট তাণ্ডবে পুলিশের গুলিতে প্রাণ হারান অন্তত চারজন। সেই যুবক আগেই থানায় গিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানিয়ে জিডি করেছিলেন। তদন্ত করে পুলিশও তাই জানিয়েছে।