নিজস্ব প্রতিবেদকঃ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত বলে রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির চিঠিটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে আসার পর আমরা বিষয়টি জানতে পেরেছি। পরে চিঠিটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতির ছুটি অনুমোদনের কোনও বিষয় নেই।’
উল্লেখ্য, গত সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে এক মাসের ছুটির জন্য আবদন করেন। সোমবার বিকাল ৩টার দিকে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান। প্রধান বিচারপতি ছুটিতে থাকায় সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
দুজন বিচারপতি নিয়োগ পাচ্ছেন আপিল বিভাগে
আপিল বিভাগে বর্তমানে কাগজে কলমে বিচারপতির সংখ্যা ছয়। কিন্তু প্রধান বিচারপতি ছুটিতে। তাই কার্যত বিচারপতির সংখ্যা পাঁচ। বিভাগের দুটি বেঞ্চ এই সংখ্যক বিচারক দিয়ে গঠন করা অসম্ভব। তাই আপিল বিভাগে মামলার জট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আশঙ্কা দূর করতে শিগগিরই আপিল বিভাগে দুজন নতুন বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
গত জুলাই মাসেও আপিল বিভাগে বিচারপতি ছিলেন সাতজন। তবে ৭ জুলাই অবসরে যান দেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা। তিনি অবসরে যাওয়ার পর নতুন করে কোনো বিচারপতি নিয়োগ হয়নি আপিল বিভাগে। এরপরও ছয় বিচারপতি দিয়ে আপিল বিভাগের দুটি বেঞ্চ চলছিল। কিন্তু আজ মঙ্গলবার থেকে দীর্ঘ এক মাসের ছুটিতে গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আর আগামী ৩১ জানুয়ারি অবসরে যাচ্ছেন তিনি। তাই অবসরে যাওয়ার পূর্বের কয়েকদিনও প্রধান বিচারপতিকে পাচ্ছে না আপিল বিভাগ। তাই কার্যত পাঁচজন নিয়েই এই বিভাগকে চলতে হবে।
বিচারপতি সিনহার ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্তের দায়িত্বে থাকছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা। বর্তমানে আপির বিভাগে থাকা অপর চার বিচারপতি হলেন, সৈয়দ মাহমুদ হোসেন, মো. ঈমান আলী, হাসান ফয়েজ সিদ্দিকী, মির্জা হোসাইন হায়দার।
আপিল বিভাগে একটি বেঞ্চে তিনজন বিচারপতি বসেন। দুটি বেঞ্চে আপিল বিভাগের কার্যক্রম পরিচালিত হয়। কিন্তু বিচারপতি পাঁচজন হয়ে পড়ায় দুটি বেঞ্চ গঠনও অসম্ভব হয়ে পড়েছে। আর দুটি জায়গায় একটি বেঞ্চে আপিল বিভাগ পরিচালিত হলে স্বভাবতই এই বিভাগে মামলা জট বাড়বে। তাই এখনই দুজন বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয়।
সংবিধানের ৯৫ ধারার ১ উপধারায় বিচারপতি নিয়োগের বিষয়ে বলা হয়েছে, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য বিচারককে নিয়োগদান করিবেন।
সাধারণত হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারকদের মধ্যে থেকেই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এই মুহূর্তে আপিল বিভাগের কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতি হলেন, সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী
তবে অনেক সময়ই বিচারকদের জ্যেষ্ঠতার চেয়ে বিচারকদের দক্ষতা এবং রাষ্ট্রপতির ও সরকারেরর অভিপ্রায়ও বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রাধান্য পায়।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে আপিল বিভাগে দুই বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক কাজ শুরু হয়েছে। অতি শিগ্রই দুজন বিচারপতিকে আপিল বিভাগে নেওয়া হচ্ছে।