ঢাকা, ১৭ মাঘ (৩১ জানুয়ারি): ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা সকল প্রতিষ্ঠানকে ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে নিবিড়ভাবে কাজ করছে সরকার। বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
রাজধানীর একটি হোটেলে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এনআইএলজি আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ-ইউপি ট্রেনিং মডিউলস এবং প্রথম ই-লার্নিং কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারে জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া রোডম্যাপ অনুযায়ী দেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে। তাই এসব প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মোঃ তাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ অবশ্যই ফলপ্রসূ এবং কার্যকর হতে হবে। জনপ্রতিনিধিরা যথাযথ প্রশিক্ষণ নিয়ে দেশ এবং মানুষের কল্যাণে আরো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, সারাদেশের স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিগণ এই প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে থাকেন। প্রশিক্ষণ প্রদানের সময় তাদের দায়িত্ব, কর্তব্য ও জবাবদিহিতা সম্পর্কে সচেতন এবং মনিটরিং করার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করে একটি যুগোপযোগী ‘মডেল’ তৈরি করারও পরামর্শ দেন মন্ত্রী।
বিভিন্ন খাতে দেশের অভূতপূর্ব উন্নয়নের ফলে শহর, নগর ও গ্রামগঞ্জে অনেক সম্ভাবনা তৈরি হয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণে বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে মন্ত্রী জনপ্রতিনিধিত্বমূলক এসব প্রতিষ্ঠানের নিজস্ব আয় বৃদ্ধি করে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য নির্বাচিত প্রতিনিধিদের আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি সুয়ার্ড।এছাড়া জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এনআইএলজি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন



