× Banner
সর্বশেষ

PID

সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সুফল পেতে গবেষণা

স্বাস্থ্যখাতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতি হলেও নৈতিকতা ও সমন্বিত উদ্যোগ ছাড়া এর সুফল টেকসই হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাই যদি উচ্চ নৈতিকতা নিয়ে একসঙ্গে কাজ করি, তাহলে দেশের স্বাস্থ্যখাতকে আরো শক্তিশালী ও টেকসই করা সম্ভব হবে।

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকায় শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, অনেক হাসপাতালে এখনো স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। কোথাও ওয়ার্ডে অবাধে খাবার বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশ ও রোগীদের ঝুঁকিপূর্ণ অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, হাসপাতালের ভেতরে এ ধরনের অনিয়ম রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে, যা কাম্য নয়।

ওষুধ উৎপাদন খাতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু ক্ষেত্রে ওষুধের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে। যে উপাদান থাকার কথা, অনেক সময় তা কম পাওয়া যাচ্ছে। আবার ভালো মানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বাধার মুখে পড়ছে-এ ধরনের পরিস্থিতি স্বাস্থ্যখাতের জন্য ক্ষতিকর।

টিকাদান কর্মসূচির উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, সঠিক সংরক্ষণব্যবস্থা ছাড়া ভ্যাকসিন কার্যকর থাকে না। পরিকল্পনা ও বাস্তবতার মধ্যে সমন্বয় না থাকলে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরো শক্তিশালী করা সম্ভব। জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে দ্রুত রোগজীবাণু শনাক্ত করা যাবে এবং সার্ভেল্যান্স সিস্টেমের মাধ্যমে রোগের উৎস ও বিস্তার সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। ডিজিটাল সার্ভেল্যান্স ও ডেটা অ্যানালিটিক্স রোগের বিস্তার পর্যবেক্ষণ এবং আগাম সতর্কতা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে রোগের প্রবণতা বিশ্লেষণ এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হবে।

স্বাস্থ্য সচিব মোঃ কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মাহমুদুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়াল প্রমুখ বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..