দল যতটা না সমীহ-জাগানিয়া, তার চেয়ে বেশি সমীহ পাবে বোধ হয় তাদের ডাগ-আউট। নামগুলো দেখুন—প্রধান কোচ ডেভ হোয়াটমোর, ব্যাটিং কোচ মারভান আতাপাত্তু, বোলিং কোচ মাখায়া এনটিনি। এমন ওজনদার কোচিং স্টাফই তো সাফল্যের প্রত্যাশা বাড়িয়ে দেয়।
কিন্তু কাল নাগপুরে আফগানিস্তানের কাছে ৫৯ রানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই বিদায় হলো জিম্বাবুয়ের।
টি-টোয়েন্টি ক্রিকেট আফগানিস্তানের কাছে হারই যেন জিম্বাবুয়ের ‘নিয়তি’! আফগানদের বিপক্ষে পরিসংখ্যানটা দেখে মুখই লুকাতে পারেন চিগুম্বুরা-মাসাকাদজারা। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে পাঁচবার আফগানিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই হার।
২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব থেকেই বাদ পড়েছিল জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এবার দুই দলের সামনে সমীকরণটা ছিল এমন যে, কাল যারা জিতবে তারাই যাবে সুপার টেনে। জিম্বাবুয়েকে হতাশায় ডুবিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ আফগানিস্তান।
১৮৭ রানের বিরাট লক্ষ্য। জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা রান তুলবেন কী, উল্টো যোগ দিলেন উইকেট বিলিয়ে আসার মিছিলে! সর্বোচ্চ ১৭ রান ১০ নম্বরে ব্যাটিং করতে নামা তিনাশে পানিয়াঙ্গারার, এতেই জিম্বাবুয়ের ব্যাটিং-দুর্দশা স্পষ্ট।
আফগানিস্তানের সফলতম বোলার লেগ স্পিনার রশিদ খান, নিয়েছেন ৩ উইকেট।
মোহাম্মদ শেহজাদ-নুর আলী জাদরান দারুণ সূচনা এনে দেন আফগানিস্তানকে। ২৩ বলে ৪০ রান করা শেহজাদ আউট হলে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান।
১৪ রানের ব্যবধানে তারা হারায় ৪ উইকেট। কিন্তু ম্যাচের রং বদলে দেয় পঞ্চম উইকেট জুটিতে সামিউল্লাহ শেনওয়ারি-মোহাম্মদ নবীর ৯৮ রানের জুটি। হাফ সেঞ্চুরি থেকে ৭ রান দূরে থেকে শেনওয়ারি আউট হলেও নবী সুযোগ হাতছাড়া করেননি। রানআউটে কাটা পড়ার আগে করেছেন ৩২ বলে ৫২। তাই ম্যাচের নায়ক তিনি।
অন্য ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। যেকোনো সংস্করণের বিশ্বমঞ্চে স্কটিশদের প্রথম জয় এটি। হংকং ১২৭ রান করলেও বৃষ্টির কারণে ১০ ওভারে ৭৬ রানের নতুন লক্ষ্য পায় স্কটল্যান্ড। ১২ বল বাকি রেখেই লক্ষ্য পূরণ করে স্কটিশরা।