× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

সুন্দরগঞ্জ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার- প্রচারণা

admin
হালনাগাদ: সোমবার, ২১ মার্চ, ২০১৬

এম মতিযার রহমান, গাইবান্ধা প্রতিনিধি : আগামী ৩১ মার্চ ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে জেলার সুন্দরগঞ্জ উপজেলায় জমে উঠেছে নির্বাচনী প্রচার- প্রচারণা। ইতোমধ্যে প্রতীক বরাদ্দ পেয়েই ভোট প্রার্থনায় কোমর বেঁধে মাঠে নেমেছেন চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। সুন্দরগঞ্জ উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুটি ইউনিয়নে আইনি জটিলতা থাকায় নির্বাচন হবে না। ইতোমধ্যে ১৩ ইউনিয়ন পরিষদে ৮১৫ জন প্রার্থী নির্বাচনের মাঠে নেমেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৩৪ জন প্রার্থী লড়ছেন। তবে ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয়ভাবে ৩৮ জন ও স্বতন্ত্র হিসেবে ৫৪ জন প্রার্থী রয়েছেন। এদিকে প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক পেয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচন দলীয়ভাবে হওয়ায় প্রার্থী ও সমর্থকরা তাদের দলের অবস্থান ভোটারদের মাঝে তুলে ধরছেন। বিশেষ করে চেয়ারম্যান প্রার্থীরা নাওয়া- খাওয়া ছেড়ে দিন-রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্যরাও বসে নেই। বিজয়ের মালা ছিনিয়ে নেওয়ার জন্য তারাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। নিজেকে যোগ্য ও সৎ প্রার্থী হিসেবে ভোটারদের মধ্যে তাদের অবস্থান তুলে ধরছেন অনবরত। মরচে পড়া আত্মীয়-স্বজনদের সাথেও সখ্য গড়ে তুলছেন তারা। বন্ধু- বান্ধবদের দেখা না পেলে মোবাইলে কথা বার্তা বলছেন। সব প্রার্থীরাই বলছেন নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। তবে সুন্দরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন বিদ্রোহী প্রার্থীরা। তারাও মাঠে-ময়দানে ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। অনেক বিদ্রোহী প্রার্থী জয়ের মালা ছিনিয়ে নেওয়ার আশায় দলীয় সিদ্ধান্তকে তোয়াক্কা না করে ভোটের মাঠে নেমে বিভিন্নভাবে তাদের অবস্থান শক্ত করে তুলেছেন। এর মধ্যে বামনডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৯ জন। তার মধ্যে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন সভাপতি শমেস উদ্দিন (নৌকা), বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইউনিয়নের নির্বাচিত সভাপতি মজনু মিয়া (অটোরিকশা) ও বর্তমান সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাবেদ (ঘোড়া) নির্বাচনী মাঠে রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী আব্দুল গফুর মণ্ডল (আনারস), মাহবুবার রহমান খান (মোটরসাইকেল) ও সমস উদ্দিন (চশমা)। বিএনপির নাজমু হুদা (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মজনু মিয়া সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৩১ হাজার ৩১০ জন। ধানের শীষ, লাঙ্গল ও ঘোড়া প্রতীকের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সোনারায় ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন ৬ জন। এর মধ্যে জাপার আনছার আলী সরদার (লাঙ্গল), আওয়ামী লীগের সৈয়দ বদিরুল আহসান, বিএনপির মতিয়ার পারভেজ (ধানের শীষ) দলীয় প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের একমাত্র বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী উদয় নারায়ণ সরকার (আনারস), সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (মোটরসাইকেল) ও নিশাম উদ্দিন (চশমা) ভোট যুদ্ধে রয়েছেন। এ ইউনিয়নে সৈয়দ বদিরুল আহসান, আনছার আলী সরদার ও জাকির হোসেনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এখানে ভোটার সংখ্যা ১৭ হাজার ৭৩০ জন। তারাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুস সামাদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম (মোটরসাইকেল) ও একরামুল হক (আনারস)। আব্দুস সামাদ ও আমিনুল ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলকা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৮ জন। দলীয় প্রতীকে জাসদের আজিজুল ইসলাম (মশাল), বিএনপির আব্দুল জব্বার দুলাল (ধানের শীষ), আওয়ামী লীগের মজিবর রহমান (নৌকা)। আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান উপজেলা কমিটির সদস্য জহুরুল হক সরদার (মোটরসাইকেল), কামরুজ্জামান সরদার (চশমা) ও আশরাফুল আলম সরকার (আনারস)। এ ছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিলুল্লাহ (দুটিপাতা) ও স্বতন্ত্র শহিদুল ইসলাম নাদিম (ঘোড়া)। ১৭ হাজার ৫৩৮ জন ভোটারের এ ইউনিয়নে মজিবর রহমান, জহুরুল হক সরদার ও আব্দুল জব্বার দুলালের মধ্যে ভোটযুদ্ধের সম্ভাবনা রয়েছে। দহবন্দ ইউনিয়নে আওয়ামী লীগের গোলাম কবির (নৌকা), বিএনপির খোরশেদ আলম (ধানের শীষ), জাপার আব্দুল রাজ্জাক প্রামাণিক (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শাহজাহান মণ্ডল (আনারস), আমিনুল ইসলাম সাজু (মোটরসাইকেল), গোলাম মোস্তফা প্রামাণিক (চশমা)। এর মধ্যে আমিনুল ইসলাম সাজু জাসদের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক হলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। পাশাপাশি জামায়াত সমর্থিত ও বিগত নির্বাচনে অতি নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোস্তফা প্রামাণিক, গোলাম কবির মুকুল, শাহজাহান মণ্ডল ও খোরশেদ আলমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৮৮ জন। অপরদিকে, সর্বানন্দ ইউনিয়নে একেএম নুরুন্নবী মিয়া (ধানের শীষ), মশিউর রহমান সরকার (লাঙ্গল), এটিএম রফিকুল ইসলাম (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মাহাবুর রহমান (চশমা), শফিউল হোসেন (দুটিপাতা), শহিদুর রহমান (মোটরসাইকেল), বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া (ঘোড়া), শামুছুল আলম (আনারস) ও হাসানুল মান্নান (টেলিফোন) নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুর রহমান। ২৪ হাজার ৪০৫ ভোটের এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহজাহান মিয়া এগিয়ে রয়েছেন। রামজীবন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ১০ জন। এর মধ্যে এটিএম এনামুল হক মন্টু (লাঙ্গল), খন্দকার এটিএম মাজেদুর রহমান (চাকা), সুনীল কুমার বর্মন (নৌকা)। স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছে ইদ্রিস আলী (অটোরিকশা), এটিএম সাখাওয়াত হোসেন (ঘোড়া), জামায়াত সমর্থিত মিজানুর রহমান (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামছুল হুদা সরকার (টেবিল ফ্যান), শাহ মো. মুন্নাফ সরকার (টেলিফোন), সাফায়েত আলী (মোটরসাইকেল) ও হাসান আলী (আনারস)। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ২০ হাজার ৬৭৮ জন। নির্বাচনী মাঠে জাপা এটিএম এনামুল হক মন্টু ও জামায়াতের মিজানুর রহমান এগিয়ে রয়েছেন। ধোপাডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৭ জন। এর মধ্যে ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী। এরা হলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান আকন্দ (মোটরসাইকেল) ও সাবেক ছাত্র নেতা রওশন আলম আকন্দ (আনারস)। ভোটের মাঠে এদেরও অবস্থান শক্ত। এ ছাড়া আওয়ামী লীগ মনোনীত মোখলেছুর রহমান রাজু (নৌকা), এটিএম মাহবুব আলম শাহিন (লাঙ্গল), জামায়াত সমর্থিত আমিনুল ইসলাম সাজু (চশমা), এটিএম রাশেদুজ্জামান লিটন (ধানের শীষ), মোখলেছুর রহমান মণ্ডল (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে জাপার এটিএম মাহবুব আলম শাহিন, আওয়ামী লীগের মোখলেছুর রহমান রাজু ও জামায়াতের আমিনুল ইসলাম সাজুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ইউনিয়নে ভোটার সংখ্যা ১৯ হাজার ৮৬৬ জন। ছাপড়হাটী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর সংখ্যা ৯ জন। এরা হলেন জাপার আশরাফুল আলম (লাঙ্গল), আওয়ামী লীগের কনক কুমার গোস্বামী (নৌকা), বিএনপির তারা মিয়া (ধানের শীষ), জাসদের মামুন উর রশিদ প্রামাণিক রুবেল (মশাল) ও স্বতন্ত্র আশাদুজ্জামান (রজনীগন্ধ্যা), ইয়াসিন আলী (চশমা), জোস্না বেগম জনতা (আনারস), তাজুল ইসলাম (মোটরসাইকেল), মোফাচ্ছেরুল ইসলাম (ঘোড়া)। এখানে নৌকা, আনারস ও চশমা প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইউনিয়নে ভোটার সংখ্যা ২৬ হাজার ৯৩৫ জন। শান্তিরাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৮ জন। এরা হলেন জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ছামিউল ইসলাম (মোটরসাইকেল), এটিএম মিজানুর রহমান (অটোরিকশা), মমিনুর রহমান (আনারস), আব্দুল মান্নান সরকার হান্নান (ঘোড়া), সাজেদুল ইসলাম (চশমা), শরিফুল ইসলাম শাহিন (লাঙ্গল), মোস্তাফিজুর রহমান (নৌকা) ও ফারুক হোসেন (ধানের শীষ)। এ ইউনিয়নে ছামিউল ইসলাম, মোস্তাফিজুর রহমানের মধ্যে ভোট যুদ্ধ হবে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৮০ জন। কঞ্চিবাড়ি ইউনিয়নে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। লড়াইয়ের সৈনিকরা হচ্ছেন সাবেক চেয়ারম্যান দুর্লভ চন্দ্র মণ্ডল (আনারস), শফিউল ইসলাম (নৌকা), মনোয়ার আলম সরকার (ধানের শীষ) ও আশরাফুল আলম চাকলাদার লিটন (লাঙ্গল)। অপর প্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান হাফিজার রহমান (ঘোড়া) ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল করিম সরকার (চশমা)। ভোটার সংখ্যা ২৬ হাজার ১১৮ জন। শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আজাহারুল ইসলাম (আনারস), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শ্রী জ্যোতিভূষণ বর্মন (মোটরসাইকেল), একেএম ফজলুল হক মণ্ডল (ঘোড়া), শহিদুল ইসলাম (নৌকা), শাহাদত হোসেন (ধানের শীষ) ও আব্দুল হামিদ সরকার (চশমা)। এ ইউনিয়নে ধানের শীষ, নৌকা ও আনারস প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৪৪ জন। চণ্ডিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ প্রার্থী মাঠে রয়েছেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান ও সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ (নৌকা), আব্দুল মালেক মিয়া (ধানের শীষ), ফুল মিয়া (লাঙ্গল), আবু রায়হান সরকার (ঘোড়া), ফজলুল হক সরকার (চশমা), আওয়ামী লীগের বিদ্রোহী মাইদুল ইসলাম টেক্কা (আনারস), রাজা প্রামাণিক (মোটরসাইকেল)। এ ইউনিয়নে ধানের শীষ, নৌকা, লাঙ্গলের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ইউনিয়নে ২১ হাজার ৭০৭ জন ভোটার রয়েছেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আবদুল মালেক দ্য রিপোর্টকে বলেন, ১৩ ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪২ হাজার ৬০১ জন। মহিলা ১ লাখ ৫০ হাজার ৯৬৪ জন। ১৩ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ৩৯, সাধারণ ওয়ার্ডের সংখ্যা ১১৭। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২৪, ভোট কক্ষ ৮১৭টি। অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সর্বস্তরের ভোটারদের একটিমাত্র প্রত্যাশা তাদের এ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে শেষ হবে।


এ ক্যটাগরির আরো খবর..