গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে অপহরণ মামলার বাদী-বিবাদী পক্ষের লোকজন লাঠিশোঠা নিয়ে মুখোমুখির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পশ্চিম শিবরাম গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম শিবরাম গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে আশেক আলীর সাথে প্রতিবেশি আব্দুর রশিদের মধ্যে একটি অপহরণ মামলা চলছে। মঙ্গলবার (২৭ মার্চ) সেই মামলার জামিন নিতে রংপুর আদালতে যাওয়ার পথে বিবাদীদের গতিরোধ করে ইমদাদুল হককে মারধর করেন বাদী পক্ষের লোকেরা।
এসময় মারামারিতে দু’পক্ষের লোকজন আহত হোন। তারপর আবারও রংপুর কোর্ট চত্ত্বর এলাকায় উভয়ের মধ্যে মারামারিতে বিবাদী পক্ষের মামুন মিয়া আহত হয়। এসময় বাদীর ছোট ভাই আরিফুল ইসলাম গুরুতর জখম হয়।
এরই জের ধরে সন্ধ্যার দিকে বিবাদীদের বাড়িতে হামলা করে বাদি পক্ষের লোকেরা। পরে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে, এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) তাজুল ইসলাম জানান, দু’পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই, এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।




