সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে আসা মদের একটি চালান জব্দ করেছে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। আটকরা হলেন, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ মিয়ার ছেলে রকিবুল ইসলাম রুবেল ও কেরানীগঞ্জ চুনকুটিয়া আমিনপাড়ার রফিকুল ইসলামের ছেলে লিটন (৩৯)।
১৯ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ১টায় সিলেট নগরে প্রবেশকালে আম্বরখানা পয়েন্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মদসহ তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রাইভেটকার ধাওয়া করে নগরের আম্বরখানা পয়েন্টে আটকিয়ে তল্লাশি চালায় পুলিশ। অভিযান চালিয়ে শাড়ি ও ওড়নায় মোড়ানো কয়েকটি কার্টুনে ৫৯৩ বোতল ভারতীয় রয়েল স্টেক ও ম্যাজিক মোমেন্ট মদের চালানসহ দুইজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে জব্দ করা মদের বাজার মূল্য ৬ লক্ষাধিক টাকা।
ওসি মঈন উদ্দিন বলেন, মদের চালানটি সিলেটের বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। এ ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।





