সারাদেশে ১৬৩৯টি ভূমি আফিসের নির্মাণকাজ শেষের পথে, শীঘ্রই উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশে ১৬৩৯টি ভূমি আফিসের নির্মাণকাজ শেষের পথে, শীঘ্রই উদ্বোধন প্রধানমন্ত্রীর

সারাদেশের নির্মাণাধীন ভূমি অফিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী একযোগে উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করবেন বলে আশা প্রকাশ করেন মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আজ বুধবার ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) তে অন্তর্গত ভূমি মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আশাবাদ ব্যক্ত করেন।

‘উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৭৪৭ কোটি টাকা ব্যয়ে সারাদেশের ৫০০টি ইউনিয়ন ভূমি অফিস এবং ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। এছাড়া ‘সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ’ প্রকল্পের মাধ্যমে প্রায় ৭১৬ কোটি টাকা ব্যয়ে  সারাদেশের ১০০০ শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হচ্ছে। প্রকল্প দুটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামীবছর ২০২১ সালের জুন নাগাদ প্রকল্প দুটির কাজ শেষ হবার কথা রয়েছে।

মাঠ পর্যায়ে ভূমি অফিসে যথাযথভাবে ভূমির রেকর্ড সংরক্ষণে সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, অফিসের সেবা প্রদান সক্ষমতা বৃদ্ধিকরণ এবং মাঠ পর্যায়ে ভূমি প্রশাসনের সার্বিক মানোন্নয়ন করা প্রকল্প দুটির উদ্দেশ্য।

এ বছরের নভেম্বর মাস নাগাদ যেন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন অন্তত দুটি সংস্থা ‘ভূমি আপীল বোর্ড’ ও ‘ভূমি সংস্কার বোর্ড’ ভূমি ভবন কমপ্লেক্সে কার্যক্রম শুরু করতে পারে এ বিষয়ে ভূমিমন্ত্রী জোড় তাগিদ প্রদান করেন সংশ্লিষ্ট নির্মাণ তদারককারী সংস্থাকে।

গুচ্ছগ্রাম (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন) এবং চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প  দুটি দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ভূমি মন্ত্রণালয়ের পুনর্বাসনমূলক প্রজেক্ট। এ দুটি প্রকল্পে মুক্তিযোদ্ধা, বিধবা, দরিদ্র ও অসহায় মহিলাদের সর্বোচ্চ  অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে জোড় দেওয়া হয়।

সভায় ভূমিমন্ত্রী মন্ত্রণালয়ের অন্যান্য প্রকল্পের ব্যাপারেও খোঁজ নেন এবং দক্ষতার সাথে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোড় তাগিদ প্রদান করেন।

ভূমি সচিব মোঃ মাক্‌ছুদুর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় এ সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ এবং এ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ, প্রকল্প পরিচালকগণ, অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ সহ ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।